অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না মেলায় জামুড়িয়ার ৭ নম্বর ওয়ার্ডের মহিলাদের বিক্ষোভ, বোরো অফিসে ডেপুটেশন
নিজস্ব সংবাদদাতা, জামুড়িয়া -: অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আর্থিক অনুদান দীর্ঘদিন ধরেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে না পৌঁছানোয় ক্ষোভে ফেটে পড়লেন জামুড়িয়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের একাধিক মহিলা। মঙ্গলবার তাঁরা জামুড়িয়ার ১ নম্বর বোরো অফিসে গিয়ে ডেপুটেশন দেন এবং দ্রুত সমস্যার সমাধানের দাবি জানান।
ডেপুটেশন চলাকালীন মহিলারা বোরো অফিসের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অপরেশ ঘোষের সঙ্গে দেখা করে অভিযোগ জানান, তাঁরা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য অফলাইন ও অনলাইন—উভয় পদ্ধতিতেই আবেদনপত্র জমা দিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা জমা পড়েনি। কেন এমন হচ্ছে, তা নিয়ে তাঁরা প্রশাসনের কাছে স্পষ্ট জবাব দাবি করেন।
অভিযোগের প্রেক্ষিতে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অপরেশ ঘোষ জানান, বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে। খুব শীঘ্রই একটি তদন্তকারী দল সংশ্লিষ্ট এলাকায় গিয়ে আবেদনগুলির বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখবে। তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পরই প্রকৃত কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, বোরো অফিসে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য জমা পড়া সমস্ত আবেদনপত্র ইতিমধ্যেই জেলা শাসকের দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে। তদন্তের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এদিকে, দ্রুত সমস্যার সমাধান করে প্রকৃত উপভোক্তাদের অ্যাকাউন্টে অনুদানের টাকা পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছেন ডেপুটেশনকারী মহিলারা।
Reviewed by Social Tribal News Journalist
on
July 07, 2026
Rating:

No comments: