নিজস্ব সংবাদদাতা, আসানসোল -: আসানসোলের বেঙ্গল হোমিওপ্যাথিক কলেজ চত্বরে প্রায় ৩৫টি বড় গাছ কাটার অভিযোগকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই কলেজ প্রাঙ্গণের একাধিক গাছ কেটে ফেলা হয়েছে। এই ঘটনায় পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সামনে আসার পরই পরিবেশপ্রেমী মহল ও স্থানীয় বাসিন্দাদের একাংশের মধ্যে প্রশ্ন উঠেছে, গাছ কাটার ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন নেওয়া হয়েছিল কি না। অনুমতি নিয়ে থাকলে কোন কর্তৃপক্ষ সেই অনুমোদন দিয়েছে এবং কী কারণে এতগুলি গাছ কাটার প্রয়োজন হল, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে।
অন্যদিকে, পরিবেশ রক্ষায় সরকার যখন ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ ও সবুজায়নের উপর জোর দিচ্ছে এবং বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করছে, তখন একটি শিক্ষা প্রতিষ্ঠানের চত্বরে এত সংখ্যক গাছ কাটার অভিযোগ স্বাভাবিকভাবেই নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
তবে অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত বেঙ্গল হোমিওপ্যাথিক কলেজ কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। ফলে অভিযোগের সত্যতা এবং গাছ কাটার প্রকৃত কারণ জানতে তদন্তের দিকেই তাকিয়ে রয়েছে পরিবেশপ্রেমী মহল ও স্থানীয় বাসিন্দারা।
এখন দেখার, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে কি না এবং তদন্তে কী তথ্য সামনে আসে।
Reviewed by Social Tribal News Journalist
on
July 28, 2026
Rating:

No comments: