নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর -: হুল দিবস উপলক্ষে আয়োজিত পারুলিয়ার মেলায় এক আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে দুর্গাপুরে। ঘটনায় অভিযুক্ত চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের আদালতে তোলা হলে বিচারক তাঁদের ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩০ জুন হুল দিবস উপলক্ষে পারুলিয়ায় বসা মেলায় নির্যাতিতা নাবালিকা তাঁর দিদির বাড়িতে বেড়াতে এসে প্রেমিকের সঙ্গে দেখা করতে যান। অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় মেলার একটি নির্জন এলাকায় দু'জনে কথা বলার সময় স্থানীয় চার যুবক—বুধন টুডু, অজয় সরেন, লক্ষণরবিন বাস্কে ও রাজু মান্ডি—তাঁদের উপর চড়াও হয়। অভিযোগ, প্রেমিককে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে নাবালিকাকে জোর করে পাশের একটি ফাঁকা মাঠে নিয়ে গিয়ে চারজন মিলে গণধর্ষণ করে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা নাবালিকাকে উদ্ধার করে দ্রুত দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন। বুধবার নির্যাতিতার পরিবার দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত চারজনকেই শনাক্ত করে গ্রেফতার করা হয়।
ঘটনাকে কেন্দ্র করে বুধবার দুর্গাপুর থানার সামনে বিক্ষোভে সামিল হন সিপিএম কর্মী-সমর্থক এবং স্থানীয় বাসিন্দাদের একাংশ। অভিযুক্তদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান ওঠে।
সিপিএম নেতা সিদ্ধান্ত বসু অভিযোগ করেন, পুলিশ ও বিজেপি পরিকল্পিতভাবে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল। তাঁর দাবি, সরকার পরিবর্তনের পর দুর্গাপুরে এটি দ্বিতীয় গণধর্ষণের ঘটনা। অপরাধ দমনে প্রশাসনের ব্যর্থতারও অভিযোগ তোলেন তিনি।
অন্যদিকে, তৃণমূল নেতা ভি. শিবদাসন দাসু বলেন, "ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। দোষীদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি হওয়া উচিত।"
বিজেপির জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত বলেন, "অভিযোগ পাওয়ার পরই পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্তদের গ্রেফতার করেছে। আমরা কোনও অবস্থাতেই অপরাধীদের আড়াল করার পক্ষে নই। পাশাপাশি সমাজে সচেতনতা বৃদ্ধিও জরুরি।"
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সুবীর রায় জানান, চার অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে। সকলকে গ্রেফতার করা হয়েছে এবং ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে। নির্যাতিতার শারীরিক পরীক্ষাও সম্পন্ন হয়েছে।
বর্তমানে নির্যাতিতা দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে এই ঘটনায় সংবাদ লেখা পর্যন্ত কোনও আদিবাসী সংগঠনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
Reviewed by Social Tribal News Journalist
on
July 02, 2026
Rating:

No comments: