জামুড়িয়া, পশ্চিম বর্ধমান | নিজস্ব সংবাদদাতা -: ধর্মীয় স্থান থেকে বিজেপির বিরুদ্ধে কুৎসা ও রাজনৈতিক অপপ্রচার চালানোর অভিযোগে একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে রবিবার পশ্চিম বর্ধমানের জামুড়িয়া বিধানসভা এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওকে ঘিরে প্রতিবাদ জানাতে জামুড়িয়া মণ্ডল-২-এর বিজেপি কর্মীরা ডোবরানা এলাকার খাসকেন্দায় অবস্থিত একটি চার্চে যান। তবে ভাইরাল ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
বিজেপির দাবি, ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রচার বা কোনও দলের বিরুদ্ধে কুৎসা রটানোর মঞ্চ হিসেবে ব্যবহার করা উচিত নয়। এই অভিযোগের প্রেক্ষিতেই দলীয় কর্মীরা চার্চে গিয়ে প্রতিবাদ জানান এবং চার্চ কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরেন।
জামুড়িয়া মণ্ডল-২-এর বিজেপির যুব নেতা দেবাশীষ দুবে বলেন, বিভিন্ন সময় চার্চকে কেন্দ্র করে ধর্মান্তরকরণের অভিযোগ সামনে এসেছে। সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে বিজেপির বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। যদিও ভিডিওটি কোথাকার বা কখনের, সে বিষয়ে নিশ্চিত তথ্য তাঁদের কাছে নেই। তা সত্ত্বেও জামুড়িয়া এলাকার কোনও ধর্মীয় প্রতিষ্ঠান থেকে যাতে কোনও রাজনৈতিক দলের বিরুদ্ধে অপপ্রচার না হয়, সেই বার্তা দিতেই তাঁরা চার্চে গিয়েছিলেন বলে জানান তিনি।
অন্যদিকে, চার্চ কর্তৃপক্ষ সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাঁদের দাবি, ওই চার্চে কোনও ধরনের ধর্মান্তরকরণ বা রাজনৈতিক প্রচার-অপপ্রচারের কাজ হয় না। তাঁদের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলেই দাবি করেন তাঁরা।
ঘটনাকে কেন্দ্র করে চার্চ চত্বরে কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
উল্লেখ্য, যে ভিডিওটিকে ঘিরে এই বিতর্কের সূত্রপাত, তার সত্যতা বা উৎস সম্পর্কে এখনও কোনও সরকারি বা স্বাধীন সংস্থার পক্ষ থেকে নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। ফলে অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যেই বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে।
Reviewed by Social Tribal News Journalist
on
July 05, 2026
Rating:


No comments: