নিজস্ব সংবাদদাতা, পাণ্ডবেশ্বর -: যে বয়সে অধিকাংশ শিশু ঠিকমতো কথা বলতেই শেখে, সেই বয়সেই নিজের অসাধারণ স্মৃতিশক্তি ও মেধার জোরে জাতীয় স্তরে নজির গড়ল পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরের হরিপুর গ্রামের খুদে সৃজন কুন্ডু। মাত্র ২ বছর ৮ মাস বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস–২০২৬-এ নিজের নাম নথিভুক্ত করে শুধু পরিবার নয়, গোটা পশ্চিম বর্ধমান ও রাজ্যের গর্বের কারণ হয়ে উঠেছে এই বিস্ময় বালক।
সৃজনের অসাধারণ স্মৃতিশক্তি ইতিমধ্যেই সকলকে চমকে দিয়েছে। এই বয়সেই সে অনর্গল বাংলা ও ইংরেজিতে সপ্তাহের সাত দিনের নাম, বছরের বারো মাসের নাম বলতে পারে। শুধু তাই নয়, তার মুখস্থ রয়েছে ৩৭টি দেশের জাতীয় পতাকার পরিচয়, ১৪ জন স্বাধীনতা সংগ্রামীর নাম, ১৮ জন দেবতার বাহন, ৮টি জাতীয় প্রতীক, শরীরের ২০টি অঙ্গ-প্রত্যঙ্গের নাম, ১৫টি প্রাণী, ১৫টি সবজি, ৬টি পোকামাকড়, ৬টি সরীসৃপ, ১২টি মন্ত্র এবং সম্পূর্ণ হনুমান চল্লিশা।
এই বিরল প্রতিভার পিছনে রয়েছে বাবা-মায়ের নিরলস প্রচেষ্টা ও উৎসাহ। বাবা সুখেন কুন্ডু, পেশায় একজন সিভিক ভলেন্টিয়ার এবং মা রিম্পা কুন্ডু একজন গৃহবধূ। খেলাধুলার ফাঁকেই ছেলেকে বিভিন্ন বিষয় শেখাতে শুরু করেছিলেন তাঁরা। আশ্চর্যের বিষয়, একবার শেখানো জিনিসই সহজে মনে রেখে অনর্গল বলতে শুরু করে সৃজন।
মা রিম্পা কুন্ডু বলেন, “ওকে একবার যা শেখাতাম, খুব সহজেই মনে রেখে দিত। বিশেষ করে হনুমান চল্লিশা শেখানোর পর যখনই বলতে বলতাম, একটানা পুরোটা আবৃত্তি করে শুনিয়ে দিত। তখনই বুঝেছিলাম ওর স্মৃতিশক্তি অন্যরকম।”
ছেলের এই অসাধারণ প্রতিভা দেখে বাবা সুখেন কুন্ডু অনলাইনের মাধ্যমে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। সৃজনের বিভিন্ন দক্ষতার ভিডিও পাঠানোর পর বিচারকমণ্ডলী তার স্মৃতিশক্তি, উপস্থাপনা এবং বয়সের তুলনায় অসাধারণ পারদর্শিতা দেখে মুগ্ধ হন। সমস্ত মূল্যায়নের পর ২০২৬ সালের ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে স্থান করে নেয় পাণ্ডবেশ্বরের এই খুদে।
সৃজনের এই সাফল্যে আনন্দের জোয়ার নেমেছে পরিবার, আত্মীয়-স্বজন এবং হরিপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে। বাবা-মায়ের একটাই স্বপ্ন— ভবিষ্যতে সৃজন শুধু সাফল্যের শিখরে পৌঁছাক তা-ই নয়, একজন আদর্শ, মানবিক ও সমাজের জন্য অনুকরণীয় মানুষ হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করুক।
মাত্র ২ বছর ৮ মাস বয়সে এমন বিরল কৃতিত্ব অর্জন করে সৃজন কুন্ডু প্রমাণ করে দিয়েছে, সঠিক পরিচর্যা, ভালোবাসা, উৎসাহ এবং নিয়মিত শিক্ষার পরিবেশ পেলে প্রতিভা বয়সের গণ্ডি মানে না। আজ সৃজন শুধু তার পরিবারের নয়, গোটা পশ্চিম বর্ধমান জেলার গর্বের প্রতীক।
Reviewed by Social Tribal News Journalist
on
July 09, 2026
Rating:


No comments: