নিজস্ব সংবাদদাতা, জামুড়িয়া -: জামুড়িয়ার চুরুলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেশেরমোহন গ্রামে বাংলা আবাস যোজনাকে কেন্দ্র করে কথিত কাটমানির অভিযোগে তীব্র ক্ষোভ ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে। অভিযোগ, আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার নামে একাধিক উপভোক্তার কাছ থেকে অবৈধভাবে টাকা নেওয়া হলেও প্রথম কিস্তি পাওয়ার পর আজ পর্যন্ত বাকি অর্থ মেলেনি। ফলে বহু বাড়ির নির্মাণকাজ মাঝপথে থমকে রয়েছে এবং চরম আর্থিক সংকটে পড়েছেন উপভোক্তারা।
গ্রামবাসীদের দাবি, বিধানসভা নির্বাচনের আগে গ্রামের প্রায় সাত-আটজনের নাম বাংলা আবাস যোজনার জন্য অনুমোদিত হয়। প্রথম কিস্তির টাকা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়তেই তাঁরা বাড়ি তৈরির কাজ শুরু করেন। কিন্তু এরপর দীর্ঘ সময় কেটে গেলেও দ্বিতীয় বা পরবর্তী কিস্তির টাকা আর মেলেনি। ফলে অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে একাধিক বাড়ি।
অভিযোগ, যোজনার সুবিধা নিশ্চিত করার আশ্বাস দিয়ে স্থানীয় তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতার নামে উপভোক্তাদের কাছ থেকে ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত কাটমানি নেওয়া হয়। সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় বাধ্য হয়েই তাঁরা ওই টাকা দিয়েছিলেন বলে দাবি করেছেন অভিযোগকারীরা।
উপভোক্তাদের আরও অভিযোগ, প্রথম কিস্তিতে প্রায় ৬০ হাজার টাকা পেলেও পরবর্তী অর্থ না আসায় নির্মাণকাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। বিষয়টি নিয়ে যাঁদের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে, তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে অভিযোগকারীদের অপমান করে ফিরিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে।
এই পরিস্থিতিতে শুক্রবার দেশেরমোহন গ্রামে উপভোক্তা ও গ্রামবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত প্রত্যেক অভিযোগকারী তাঁদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে দ্রুত বকেয়া কিস্তির টাকা প্রদান করে অসমাপ্ত বাড়িগুলির নির্মাণ শেষ করার আবেদনও জানান তাঁরা।
বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার স্থানীয় নেতা শেখ মণ্ডল। তিনি গ্রামবাসীদের অভিযোগকে গুরুত্ব দিয়ে প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্ত উপভোক্তাদের ন্যায়বিচার পাইয়ে দেওয়ার আশ্বাসও দেন।
তবে যাঁদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে, সংবাদ লেখা পর্যন্ত তাঁদের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে গ্রামবাসীদের হুঁশিয়ারি, অভিযোগের দ্রুত নিষ্পত্তি না হলে তাঁরা গণতান্ত্রিক উপায়ে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন।
বাংলা আবাস যোজনায় 'কাটমানি'র অভিযোগে উত্তাল জামুড়িয়ার দেশেরমোহন, বিক্ষোভের হুঁশিয়ারি গ্রামবাসীর
Reviewed by Social Tribal News Journalist
on
July 03, 2026
Rating:
Reviewed by Social Tribal News Journalist
on
July 03, 2026
Rating:

No comments: