জামুড়িয়ার নিঘা ডিভিসি এলাকার কেডি প্ল্যান্টে কর্মরত শ্রমিকের মৃত্যু, ক্ষতিপূরণ ও নিরাপত্তার দাবিতে বৈঠক
নিজস্ব সংবাদদাতা, জামুড়িয়া -: অন্তর্গত নিঘা ডিভিসি এলাকার কেডি প্ল্যান্টে কর্মরত এক শ্রমিকের কর্মরত অবস্থায় গুরুতর দুর্ঘটনায় মৃত্যু ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। কয়েকদিন আগে কারখানার ভিতরে কাজ করার সময় এক শ্রমিক গুরুতর আহত হন। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
শ্রমিকের মৃত্যুর পর তাঁর পরিবার চরম আর্থিক অনিশ্চয়তার মুখে পড়ে। শনিবার মৃতের পরিবারের পাশে দাঁড়াতে স্থানীয় বাসিন্দা, সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের পাশাপাশি প্রাক্তন বিধায়ক প্রার্থী মহম্মদ শবীর হোসেন ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা কারখানা কর্তৃপক্ষের কাছে মৃতের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ, বকেয়া বেতন এবং অন্যান্য প্রাপ্য দ্রুত মিটিয়ে দেওয়ার দাবি জানান। পরিস্থিতি যাতে শান্তিপূর্ণ থাকে, সেই আবেদনও করা হয়।
ঘটনাকে কেন্দ্র করে জামুড়িয়া থানার পুলিশ, কারখানা কর্তৃপক্ষ এবং জনপ্রতিনিধিদের উপস্থিতিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মৃত শ্রমিকের পরিবারের দাবিদাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ বিষয়ে জামুড়িয়ার বিধায়ক প্রতিনিধি অবিনাশ চতুর্বেদী জানান, কয়েকদিন আগে কারখানার ভিতরে কাজ করার সময় শ্রমিকটি গুরুতর আহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এরপর ক্ষতিপূরণ ও বকেয়া পাওনার দাবিতে মৃতের পরিবারের সদস্যরা কারখানায় আসেন। কোম্পানির মালিক বর্তমানে রাজ্যের বাইরে থাকলেও সোমবার ফিরে আসবেন বলে জানা গেছে। তিনি ফিরে এলে নিয়ম অনুযায়ী মৃতের পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দেওয়া হবে এবং বেতন-সহ অন্যান্য বকেয়া দ্রুত পরিশোধ করা হবে বলে কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে। এছাড়াও শেষকৃত্যের জন্য তাৎক্ষণিক আর্থিক সহায়তাও প্রদান করা হয়েছে।
শ্রমিকদের নিরাপত্তার বিষয়েও বৈঠকে গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে। অবিনাশ চতুর্বেদী বলেন, শিল্পাঞ্চলের প্রতিটি কারখানায় নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলা অত্যন্ত জরুরি। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিও বৈঠকে উঠে আসে।
মৃত শ্রমিকের পরিবারের দাবি, দ্রুত ক্ষতিপূরণ ও সমস্ত প্রাপ্য মিটিয়ে দিয়ে তাঁদের পাশে দাঁড়াক কারখানা কর্তৃপক্ষ। অন্যদিকে, বৈঠকের পর বিষয়টির দ্রুত সমাধানের আশ্বাস দেওয়ায় পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে।
Reviewed by Social Tribal News Journalist
on
July 25, 2026
Rating:

No comments: