Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

শ্রাবণের আগে মানবিক উদ্যোগ: উত্তরেশ্বর মন্দির থেকে অজয় নদ পর্যন্ত রাস্তা পরিষ্কার করলেন তিন গ্রামের যুবকেরা


  নিজস্ব সংবাদদাতা, জামুড়িয়া -: শ্রাবণ মাসের প্রথম সোমবারকে সামনে রেখে ভক্তদের সুবিধার্থে এক অনন্য সামাজিক উদ্যোগের নজির গড়লেন জামুড়িয়ার শ্যামলা অঞ্চলের ভুড়ি, ফরফরি ও শ্যামলা গ্রামের একদল যুবক। রবিবার সকালে তারা ঐতিহ্যবাহী উত্তরেশ্বর মন্দির থেকে অজয় নদ পর্যন্ত যাতায়াতের রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্ন করে তোলেন, যাতে পুণ্যার্থীদের যাতায়াতে কোনও অসুবিধা না হয়।

উল্লেখ্য, শ্রাবণ মাসে বাবা উত্তরেশ্বরের মাথায় জল অর্পণের জন্য দূর-দূরান্ত থেকে অসংখ্য ভক্ত এই মন্দিরে আসেন। মন্দির সংলগ্ন অজয় নদে পুণ্যস্নান সেরে সেখান থেকে জল নিয়ে শিবলিঙ্গে অর্পণ করার দীর্ঘদিনের ধর্মীয় প্রথা আজও বজায় রয়েছে।

সেই ঐতিহ্যকে সম্মান জানিয়ে এদিন যুবকেরা মন্দিরের প্রধান ফটক, মন্দির চত্বর এবং অজয় নদ পর্যন্ত যাওয়ার মাটির রাস্তার দুই ধারে জন্মানো আগাছা পরিষ্কার করেন। পাশাপাশি মন্দির প্রাঙ্গণও পরিচ্ছন্ন করে তোলা হয়, যাতে আগত ভক্তরা নির্বিঘ্নে পূজা ও জল অর্পণ করতে পারেন।

উদ্যোক্তাদের অন্যতম রাজীব বাউরী জানান, উত্তরেশ্বর মন্দিরের ধর্মীয় মাহাত্ম্যকে কেন্দ্র করে প্রতি বছরই বহু ভক্ত এখানে আসেন। শ্রাবণের প্রথম সোমবারে পুণ্যার্থীদের ভিড় আরও বেড়ে যায়। তাই তিন গ্রামের যুবকদের সম্মিলিত উদ্যোগে এ বছর আগেভাগেই এই পরিষ্কার-পরিচ্ছন্নতার কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যাতে কোনও ভক্তকে যাতায়াতের ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে না হয়।

যুবকদের এই স্বেচ্ছাসেবী উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন মন্দিরের সেবাইত অমিয় অধিকারী। তিনি বলেন, সমাজের তরুণদের এই ধরনের উদ্যোগ শুধু মন্দিরকেই পরিচ্ছন্ন রাখে না, ভক্তদের মধ্যেও ইতিবাচক বার্তা পৌঁছে দেয়।

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সেবাইত অমিয় অধিকারী সকল পুণ্যার্থীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ সতর্কবার্তাও দেন। তিনি জানান, বর্তমানে অজয় নদীর কিছু অংশের অবস্থা ঝুঁকিপূর্ণ। তাই যাঁরা পুণ্যস্নান করতে নদীতে নামবেন, তাঁদের অবশ্যই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এবং নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে ধর্মীয় আচার পালন করার আহ্বান জানান।

শ্রাবণের পবিত্র সূচনাকে সামনে রেখে তিন গ্রামের যুবকদের এই স্বতঃস্ফূর্ত ও মানবিক উদ্যোগ এলাকাজুড়ে প্রশংসা কুড়িয়েছে। ভক্তদের সুবিধার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবেও এই উদ্যোগকে দেখছেন স্থানীয় বাসিন্দারা।

শ্রাবণের আগে মানবিক উদ্যোগ: উত্তরেশ্বর মন্দির থেকে অজয় নদ পর্যন্ত রাস্তা পরিষ্কার করলেন তিন গ্রামের যুবকেরা শ্রাবণের আগে মানবিক উদ্যোগ: উত্তরেশ্বর মন্দির থেকে অজয় নদ পর্যন্ত রাস্তা পরিষ্কার করলেন তিন গ্রামের যুবকেরা Reviewed by Social Tribal News Journalist on July 19, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.