নিজস্ব সংবাদদাতা, আসানসোল/বরাকর -: খাটু শ্যাম বাবার প্রতি অগাধ ভক্তি ও বিশ্বাসকে কেন্দ্র করে বরাকরের অগ্রসেন ভবনে অনুষ্ঠিত হল ‘শ্যাম কা টাবরিয়া’-র তৃতীয় বার্ষিক শ্রাবণ মহোৎসব। ধর্মীয় আবহ, মনোমুগ্ধকর সজ্জা এবং ভক্তিমূলক সংগীতের সুরে শনিবার গোটা অনুষ্ঠানস্থল পরিণত হয় এক অনন্য আধ্যাত্মিক মিলনমেলায়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ভগবান শ্রীকৃষ্ণের শিরোদান লীলার মনোরম ঝাঁকি, যার মাধ্যমে শ্রী খাটু শ্যাম বাবার ত্যাগ, মহিমা ও ভক্তির আদর্শ আবেগঘনভাবে তুলে ধরা হয়। এরপর পুষ্প দিয়ে সুসজ্জিত করা হয় শ্যাম বাবার বিগ্রহ। অখণ্ড জ্যোতি প্রজ্বলনের পাশাপাশি নিবেদন করা হয় ঐতিহ্যবাহী ছাপ্পান্ন ভোগ।
মহোৎসবে ভজন পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী লভ আগরওয়াল। তাঁর কণ্ঠে একের পর এক জনপ্রিয় শ্যাম ভজন পরিবেশিত হলে উপস্থিত ভক্তরা ভক্তির আবেগে আপ্লুত হয়ে ওঠেন। ভজনের তালে তালে নৃত্য, করতালি এবং ‘জয় শ্রী শ্যাম’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা সভাগৃহ। রাত গভীর হওয়া পর্যন্ত ভক্তদের উৎসাহ ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
শিল্পাঞ্চল ও কয়লাঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য শ্যাম ভক্ত এদিন মহোৎসবে অংশ নিয়ে বাবার শ্রীচরণে প্রণাম নিবেদন করেন এবং তাঁর আশীর্বাদ গ্রহণ করেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল ভক্তি, সৌহার্দ্য ও ধর্মীয় উৎসবের এক অপূর্ব পরিবেশ।
মহোৎসবের সফল আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সংস্থার সদস্য অনুভব গোয়েল, চেতন গাড়োদিয়া, আয়ুষ পোদ্দার, জয়েশ জালান, কিশন আগরওয়াল, রিতেশ আগরওয়াল, রচিত জালান, ধ্রুব মাখারিয়া ও কৌশল গোয়েল-সহ অন্যান্য সদস্যরা। তাঁদের সম্মিলিত উদ্যোগে এবারের শ্রাবণ মহোৎসব ভক্তি, সেবা ও সংগঠনের এক স্মরণীয় অধ্যায় হয়ে রইল।
Reviewed by Social Tribal News Journalist
on
July 31, 2026
Rating:

No comments: