নিজস্ব সংবাদদাতা, রানীগঞ্জ -: শারদোৎসবের আগে বেহাল রাস্তা সংস্কার, বন্ধ হয়ে থাকা একশো দিনের কাজ চালু-সহ ছয় দফা দাবিতে রানীগঞ্জে বিক্ষোভ দেখাল বামপন্থী গণসংগঠনগুলি। মঙ্গলবার কদমডাঙা থেকে মিছিল করে রানীগঞ্জের বিডিও অফিসের সামনে জমায়েত হন সিআইটিইউ, কৃষক সভা, খেতমজুর ইউনিয়ন ও বস্তি উন্নয়ন সমিতির সদস্যরা। পরে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি দাবিপত্র জমা দেন তাঁরা।
নারন বাউরির নেতৃত্বে বামেদের একটি প্রতিনিধি দল বিডিওর কাছে ছয় দফা দাবিতে ডেপুটেশন জমা দেয়। তাঁদের দাবির মধ্যে রয়েছে বন্ধ থাকা একশো দিনের কাজ অবিলম্বে চালু করা, এসআইআরে বাদ পড়া বৈধ ভোটারদের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা, গৃহহীনদের আবাস যোজনায় বাড়ি এবং ভূমিহীনদের পাট্টা দেওয়া। পাশাপাশি শারদোৎসবের আগেই এলাকার বেহাল রাস্তাগুলি সংস্কারের দাবিও জানানো হয়।
এদিনের বিক্ষোভ মঞ্চ থেকে সুপ্রিয় রায়, পূর্ণদাস ব্যানার্জি, হেমন্ত প্রভাকর, সঞ্জয় প্রামাণিক ও মলয় মণ্ডল-সহ বাম নেতৃত্ব কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন। তাঁদের অভিযোগ, বৈধ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। একইসঙ্গে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিও তোলেন তাঁরা।
বিক্ষোভকারীদের আরও অভিযোগ, গরিব মহিলাদের একাংশ সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। আবাস যোজনায় গৃহহীনদের জন্য বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও প্রকৃত উপভোক্তাদের তালিকা প্রকাশ করা হয়নি বলেও দাবি তাঁদের। পাশাপাশি রেশন থেকে নাম বাদ যাওয়া, সার-বীজের মূল্যবৃদ্ধি এবং কৃষকদের ফসলের ন্যায্য দাম না পাওয়ার বিষয়েও সরব হন বাম নেতৃত্ব।
আদিবাসী ও বস্তিবাসীদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ বন্ধ করার দাবিও জানানো হয়। বিক্ষোভ শেষে বিডিওর সঙ্গে দেখা করে নিজেদের দাবিগুলি তুলে ধরেন প্রতিনিধিরা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
Reviewed by Social Tribal News Journalist
on
September 29, 2026
Rating:


No comments: