ওন্ডাল -: জাঁকজমকপূর্ণ ঝুলন মেলার আনন্দের মাঝেই মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়াল উখড়ায়। মঙ্গলবার সকালে মেলার সার্কাসের তাবুর ভিতর থেকে এক কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের নাম অনিল কুমার ঠাকুর (৫৭)। তিনি নদিয়া জেলার বেতাই গ্রামের বাসিন্দা।
সকালে সার্কাসের তাবুর ভিতরে অনিলবাবুর ঝুলন্ত দেহ দেখতে পান অন্যান্য কর্মীরা। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে মেলা চত্বরে। খবর পেয়ে অণ্ডাল থানার অন্তর্গত উখড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
সার্কাস সংস্থার ম্যানেজার রথীন্দ্র কুমার চট্টোপাধ্যায় জানান, সার্কাসের তাবু বাঁধা এবং তার নকশা তৈরির কাজে অনিলবাবু অত্যন্ত দক্ষ ছিলেন। আগের কর্মী বয়সজনিত কারণে কাজ ছেড়ে দেওয়ার পর কয়েকদিন আগেই তিনি সংস্থায় যোগ দিয়ে ওই দায়িত্ব নেন। তাঁর দাবি, সোমবার রাত সাড়ে আটটা পর্যন্ত অনিলবাবু স্বাভাবিকভাবেই কাজ করছিলেন। এরপর মঙ্গলবার সকালে আচমকাই তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়।
রাত পর্যন্ত স্বাভাবিকভাবে কাজ করার পর কয়েক ঘণ্টার মধ্যেই কীভাবে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হল, তা নিয়েই উঠছে একাধিক প্রশ্ন। আত্মহত্যা, নাকি মৃত্যুর নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ—তা খতিয়ে দেখছে পুলিশ। মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলেই জানানো হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।
Reviewed by Social Tribal News Journalist
on
September 08, 2026
Rating:

No comments: