প্রত্যক্ষদর্শীদের দাবি, গভীর রাতে আচমকাই বিকট শব্দে গাছটি মাটি-সহ উপড়ে রাস্তার উপর আছড়ে পড়ে। ঘটনাটি এমন সময় ঘটে, যখন জাতীয় সড়ক দিয়ে একের পর এক যানবাহন চলাচল করছিল। কয়েক মুহূর্তের ব্যবধানেই বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তবে সৌভাগ্যক্রমে গাছটি পড়ার সময় তার নীচে কোনও যানবাহন বা পথচারী না থাকায় প্রাণহানি এড়ানো সম্ভব হয়।
গাছটি রাস্তার উপর পড়ে যাওয়ার পর পাঞ্জাবি মোড় থেকে মেজিয়া ঘাট পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় যান চলাচল কার্যত থমকে যায়। প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার দীর্ঘ যানজটে আটকে পড়ে অসংখ্য লরি, ডাম্পার, বাস-সহ পণ্য ও যাত্রীবাহী যান। ভোর থেকে দীর্ঘক্ষণ যানজটে আটকে পড়ায় চরম দুর্ভোগের মুখে পড়েন সাধারণ মানুষ।
বিশেষ করে সমস্যায় পড়েন স্কুল পড়ুয়ারা। এদিন বেশ কয়েকটি বিদ্যালয়ে পরীক্ষা থাকায় যানজটে আটকে পড়া বহু পড়ুয়াকে দীর্ঘ পথ হেঁটে বিদ্যালয়ে পৌঁছতে হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
এদিকে, দীর্ঘক্ষণ রাস্তা অবরুদ্ধ থাকায় প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ভোরে গাছ পড়ে যাওয়ার পরও দীর্ঘ সময় রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়নি। পরে পৌরসভা ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর যৌথ উদ্যোগে গাছটি কেটে সরানো হয়। প্রায় পাঁচ ঘণ্টা পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে যান চলাচল।
নিম্নচাপের প্রভাবে আগামী দিনে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া আরও বাড়লে রানীগঞ্জের জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় এমন ঘটনা ফের ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। বিপজ্জনক অবস্থায় থাকা গাছগুলি দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে।
Reviewed by Social Tribal News Journalist
on
September 02, 2026
Rating:


No comments: