Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

অভিযন্তা দিবসে বার্নপুরে মানবিকতার নজির, রক্তদান শিবিরে ২২ ইউনিট রক্ত সংগ্রহ


 বার্নপুর, ১৫ সেপ্টেম্বর -: প্রযুক্তি ও উন্নয়নের কারিগরদের সম্মান জানানোর দিনেই মানবিকতার বার্তা দিলেন বার্নপুরের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। অভিযন্তা দিবস উপলক্ষে মঙ্গলবার বার্নপুর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বার্নপুর স্টেডিয়ামের বিইউসি কনফারেন্স হলে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবিরের। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও শিবিরে রক্তদাতাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। শেষ পর্যন্ত আসানসোল জেলা হাসপাতাল ব্লাড সেন্টার কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয় ২২ ইউনিট রক্ত।

প্রতি বছর ১৫ সেপ্টেম্বর ভারতের মহান অভিযন্তা ও ভারতরত্ন মোক্ষগুণ্ডম বিশ্বেশ্বরাইয়ার জন্মদিনে পালিত হয় অভিযন্তা দিবস। তাঁর কর্মজীবন ও দেশ গঠনে অসামান্য অবদানকে স্মরণ করেই এই বিশেষ উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা।

শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্নপুর সেল আইএসপি-র কার্যনির্বাহী নির্দেশক (মানবসম্পদ) জিতেন্দ্র কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পাঞ্চলের বিশিষ্ট সমাজসেবী ও রক্তদান আন্দোলনের অন্যতম পুরোধা প্রবীর ধর। রক্তদাতাদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র ও স্মারক।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গৌতম নন্দী বলেন, আসানসোল জেলা হাসপাতাল ব্লাড সেন্টারের সহযোগিতায় এই উদ্যোগ সফল করতে পেরে তাঁরা গর্বিত। সংগঠনের মূল কাজ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদনাম, উচ্চশিক্ষা ও অন্যান্য দাবিদাওয়া নিয়ে কাজ করা হলেও সমাজের প্রতি দায়বদ্ধতাকেও তাঁরা সমান গুরুত্ব দেন। সেই দায়বদ্ধতা থেকেই রক্তদান শিবিরের আয়োজন।

শিবিরের আহ্বায়ক তথা অ্যাসোসিয়েশনের অতিরিক্ত সাধারণ সম্পাদক মীর মুশাররফ আলি জানান, গত দু’মাসে বার্নপুরে একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের রক্তদান কর্মসূচিতে আইএসপি-র কর্মীরা সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। মঙ্গলবার আবহাওয়া খারাপ থাকা সত্ত্বেও ২৬ জন রক্তদাতা শিবিরে উপস্থিত হন। তাঁদের মধ্যে দু’জন চিকিৎসাজনিত কারণে রক্তদান করতে পারেননি। আরও দু’জনকে বার্নপুর হাসপাতালে ভর্তি এক রোগীর জরুরি প্রয়োজনে বার্নপুর হাসপাতাল ব্লাড সেন্টারে পাঠানো হয়। সব মিলিয়ে ২২ ইউনিট রক্ত সংগ্রহ করা সম্ভব হয়।

অ্যাসোসিয়েশনের সভাপতি শঙ্কর রাউ কারি শিবির সফল করার জন্য রক্তদাতা, অতিথি, আসানসোল জেলা হাসপাতাল ব্লাড সেন্টারের কর্মী এবং সংগঠনের সদস্যদের ধন্যবাদ জানান। উপস্থিত ছিলেন লব কুমার মান্না, বুদ্ধেশ্বর ভগত, সুরজিৎ চৌধুরী, গৌতম রায়, অনিরুদ্ধ ধীবর, রামপ্রকাশ কানোজিয়া, প্রমোদ কুমার বর্মা, পবন গুপ্ত, সূর্যকান্ত দলই, জুপিটার বিশ্বাস-সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

অভিযন্তা দিবসে বার্নপুরে মানবিকতার নজির, রক্তদান শিবিরে ২২ ইউনিট রক্ত সংগ্রহ অভিযন্তা দিবসে বার্নপুরে মানবিকতার নজির, রক্তদান শিবিরে ২২ ইউনিট রক্ত সংগ্রহ Reviewed by Social Tribal News Journalist on September 15, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.