Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

মাঝরাতে ডিডি-র হানা, রূপনারায়নপুরে ৩ আগ্নেয়াস্ত্র-সহ ধৃত ২ যুবক


 আসানসোল -: সীমান্তের অন্ধকারে অস্ত্র পাচারের ছক? গোপন সূত্রে খবর পেয়ে মাঝরাতে রূপনারায়নপুরে অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র-সহ দুই যুবককে গ্রেপ্তার করল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। উদ্ধার হয়েছে দু’টি ৭ এমএম পিস্তল এবং একটি দেশি একনলা বন্দুক। পুলিশের প্রাথমিক অনুমান, অস্ত্রগুলি কোথাও সরবরাহ করার উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল। ইতিমধ্যেই ভিনরাজ্য থেকে অস্ত্র আসার সম্ভাবনাও খতিয়ে দেখা শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর আসে, রূপনারায়নপুরের এইচসিএল ড্যাম্প সংলগ্ন এলাকা দিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়া হবে। খবরের ভিত্তিতে সেখানে নজরদারি শুরু করেন ডিটেকটিভ ডিপার্টমেন্টের বিশেষ দলের সদস্যরা। রাতের অন্ধকারে নির্দিষ্ট জায়গায় ওঁত পেতে অপেক্ষা করছিলেন তাঁরা। একটি অ্যাপাচি বাইকে দুই যুবক ওই এলাকা দিয়ে যাওয়ার সময় সন্দেহ হওয়ায় তাঁদের আটক করা হয়। তল্লাশি চালাতেই উদ্ধার হয় তিনটি আগ্নেয়াস্ত্র।

ধৃতদের মধ্যে একজন সালানপুর থানার রাঙামাটি এলাকার বাসিন্দা সুমিত গুপ্তা (২১)। অপরজন রূপনারায়নপুর নিউ মার্কেট এলাকার আরিয়ান বাল্মীকি (১৯)। তাঁদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রগুলির উৎস এবং কোথায় সেগুলি সরবরাহের কথা ছিল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

অস্ত্রগুলি কি বিহার বা ঝাড়খণ্ডের কোনও এলাকা থেকে আনা হয়েছিল? নাকি শিল্পাঞ্চলের মধ্যেই রয়েছে এর কোনও যোগসূত্র? এই অস্ত্র কার হাতে পৌঁছনোর কথা ছিল? ধৃতদের জিজ্ঞাসাবাদে এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে গোয়েন্দা বিভাগ। একই সঙ্গে এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

শুক্রবার ধৃত দুই যুবককে আসানসোল জেলা আদালতের এসিজেএম আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে তাঁদের ছ’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

গোয়েন্দাদের অনুমান, শুধু অস্ত্র বহন নয়, এর পিছনে আরও বড় কোনও চক্রের যোগ থাকতে পারে। তবে অস্ত্রগুলি কী উদ্দেশ্যে আনা হয়েছিল, তার নিশ্চিত উত্তর এখনও মেলেনি। ধৃতদের জিজ্ঞাসাবাদ এবং উদ্ধার হওয়া অস্ত্রের উৎসের তদন্তেই সেই রহস্যের জট খুলবে বলে মনে করছে পুলিশ।

মাঝরাতে ডিডি-র হানা, রূপনারায়নপুরে ৩ আগ্নেয়াস্ত্র-সহ ধৃত ২ যুবক মাঝরাতে ডিডি-র হানা, রূপনারায়নপুরে ৩ আগ্নেয়াস্ত্র-সহ ধৃত ২ যুবক Reviewed by Social Tribal News Journalist on September 25, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.