Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

কাটমানি বিতর্কে বিজেপির অন্দরেই হাতাহাতি, অন্ডালে ডিভিসি চত্বরে নব্য-আদি দ্বন্দ্ব


অন্ডাল, পশ্চিম বর্ধমান-: তৃণমূলের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলে দীর্ঘদিন সরব বিজেপি। এবার সেই কাটমানি বিতর্ককে কেন্দ্র করেই প্রকাশ্যে এল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। অন্ডালের ডিভিসি চত্বরে কাটমানি নেওয়ার অভিযোগকে ঘিরে নব্য ও আদি বিজেপি কর্মীদের মধ্যে প্রথমে বচসা এবং পরে হাতাহাতির অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডিভিসি এলাকায় কাটমানি নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র কথা কাটাকাটি শুরু হয়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তা হাতাহাতিতে গড়ায় বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনায় দলেরই একাংশের বিরুদ্ধে সরব হয়েছেন অন্ডালের পুরনো বিজেপি কর্মী ধ্রুব পাণ্ডে। তাঁর অভিযোগ, বিধানসভায় বিজেপির জয়ের পর তৃণমূলের একাংশ বিজেপির পতাকা হাতে দলে ঢুকে পড়েছে। তাঁরা প্রকৃত বিজেপি কর্মী নন বলেও দাবি করেন তিনি। বিজেপির নাম ব্যবহার করে দলের একাংশ ফের সেই পুরনো কাটমানি সংস্কৃতি চালাচ্ছে বলেও অভিযোগ তাঁর।

আদি বিজেপি কর্মীদের বক্তব্য, দলের নাম ব্যবহার করে কেউ কাটমানি নিলে তার প্রভাব পড়ছে দীর্ঘদিনের পুরনো কর্মীদের উপরেও। তাঁদের অভিযোগ, ‘‘বিজেপির পোশাক পরে কেউ কাটমানি নিলে বদনাম হচ্ছেআমাদের, যারা দীর্ঘদিন ধরে দলটা করছি।’’ অভিযুক্তদের চিহ্নিত করে দলীয় স্তরে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তাঁরা।

ঘটনার পর রানিগঞ্জের বিধায়কের কাছে হস্তক্ষেপের আবেদন জানানো হয়েছে বলে সূত্রের খবর। আদি কর্মীদের দাবি, দলের নাম ব্যবহার করে কোনও ধরনের অনৈতিক কাজ বন্ধ করতে হবে। অন্যথায় সাধারণ মানুষের কাছে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে।

বিধানসভা নির্বাচনের সাফল্যের পর যখন সংগঠনকে আরও শক্তিশালী করার চেষ্টা চলছে, তখন অন্ডালের ডিভিসি চত্বরে কাটমানি বিতর্ককে ঘিরে দলের দুই গোষ্ঠীর প্রকাশ্য সংঘাত অস্বস্তি বাড়িয়েছে গেরুয়া শিবিরে। এখন এই ঘটনায় দলীয় নেতৃত্ব কী পদক্ষেপ করে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

 

কাটমানি বিতর্কে বিজেপির অন্দরেই হাতাহাতি, অন্ডালে ডিভিসি চত্বরে নব্য-আদি দ্বন্দ্ব কাটমানি বিতর্কে বিজেপির অন্দরেই হাতাহাতি, অন্ডালে ডিভিসি চত্বরে নব্য-আদি দ্বন্দ্ব Reviewed by Social Tribal News Journalist on September 10, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.