জামুড়িয়া, ২০ সেপ্টেম্বর -: বাড়ির জন্য পদ্মফুল আনতে বেরিয়েছিলেন। কিন্তু আর বাড়ি ফেরা হয়নি। দু’দিন নিখোঁজ থাকার পর রবিবার সকালে পুকুরের জলে ভেসে উঠল মধু হেমব্রমের দেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে জামুড়িয়া থানার বেনালি গ্রামে। মৃতের বাড়ি বেনালির টুইলা পাড়ায়।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর সকালে পদ্মফুল আনতে বাড়ি থেকে বেরিয়েছিলেন মধু। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও তিনি বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
রবিবার সকালে কোলিয়ারির কাছে ঘাসুরিয়া পুকুরে স্থানীয় বাসিন্দারা একটি দেহ ভাসতে দেখেন। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়। খবর পেয়ে শ্রীপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় দেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য দেহটি আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়।
তবে মধুর মৃত্যু কীভাবে হল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, পদ্মফুল তুলতে গিয়ে পুকুরের গভীর জলে তলিয়ে যেতে পারেন তিনি। ঘন পদ্মগাছের জালে আটকে গিয়েও বিপদ ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।
দু’দিন ধরে নিখোঁজ থাকার পর ওই পুকুর থেকেই দেহ উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন তৈরি হয়েছে। যদিও ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে।
Reviewed by Social Tribal News Journalist
on
September 20, 2026
Rating:


No comments: