রানীগঞ্জ -: ব্যস্ত ১৪ নম্বর জাতীয় সড়কের সিয়াড়সোল রাজবাড়ি মোড়ে চলন্ত বাইকে আচমকা আগুন লাগাকে ঘিরে সোমবার দুপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুপুর প্রায় ১টা নাগাদ চলন্ত অবস্থায় বাইক থেকে ধোঁয়া বের হতে দেখেন চালক। মুহূর্তের মধ্যেই সেই ধোঁয়া পরিণত হয় ভয়াবহ আগুনে। দাউদাউ করে জ্বলতে থাকে গোটা বাইক। কালো ধোঁয়ায় ঢেকে যায় রাস্তার একাংশ।
জানা গিয়েছে, অন্ডালের বহুলা এলাকার বাসিন্দা ধর্মেন্দ্র হরিজন স্ত্রীকে সঙ্গে নিয়ে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিয়াড়সোল রাজবাড়ি মোড়ে এসেছিলেন। মোড়ের কাছে পৌঁছতেই তিনি বাইক থেকে ধোঁয়া বের হতে দেখতে পান। কিছু বুঝে ওঠার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বাইকের বিভিন্ন অংশে। পরিস্থিতি সামাল দিতে ধর্মেন্দ্রবাবু দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বাইকটি রক্ষার চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে চোখের পলকে বাইকের অধিকাংশ অংশ আগুনের গ্রাসে চলে যায়। ঘটনাস্থলটি অত্যন্ত ব্যস্ত ও জনবহুল হওয়ায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল একাধিক গাড়ি, আশপাশে ছিল সারি সারি দোকানপাট। আগুন অন্যত্র ছড়িয়ে পড়লে বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল। তবে স্থানীয় ব্যবসায়ীদের দ্রুত তৎপরতায় সেই বিপদ এড়ানো সম্ভব হয়।
আগুন দেখতে পেয়ে বেশ কয়েকজন ব্যবসায়ী দোকান থেকে অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। কেউ জল, আবার কেউ ধুলো ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। কয়েক মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে বাইকটির ব্যাপক ক্ষতি হয়ে যায়। পুলিশের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। যদিও অগ্নিকাণ্ডে বাইকটি প্রায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে সৌভাগ্যক্রমে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। স্থানীয়দের বক্তব্য, সময়মতো ব্যবসায়ীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে না আনলে ব্যস্ত জাতীয় সড়কের উপর বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণের জন্য সিয়াড়সোল রাজবাড়ি মোড় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
Reviewed by Social Tribal News Journalist
on
September 07, 2026
Rating:

No comments: