আসানসোল, ১৪ সেপ্টেম্বর -: বছরের পর বছর বিভিন্ন প্রকল্পের কাজ করেও মিলছে না প্রাপ্য বিল। বকেয়া টাকার পরিমাণ কয়েক কোটি টাকা বলে দাবি ঠিকাদারদের। অবিলম্বে সেই বিল মেটানোর দাবিতে সোমবার আসানসোলের ইসমাইলে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর বা পিএইচই-র কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলেন দপ্তরের ঠিকাদাররা।
ঠিকাদারদের অভিযোগ, জল জীবন মিশন-সহ একাধিক প্রকল্পের কাজ দীর্ঘদিন আগেই সম্পন্ন হয়েছে। কিন্তু কাজ শেষ হওয়ার পরও তাঁদের প্রাপ্য বিল পরিশোধ করা হয়নি। বারবার দপ্তরের কাছে আবেদন জানিয়েও এখনও পর্যন্ত বকেয়া টাকা মেলেনি বলে তাঁদের দাবি।
সামনেই দুর্গাপুজো। তার আগে বকেয়া বিল পরিশোধ না হলে আর্থিক সঙ্কট আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন বিক্ষোভকারী ঠিকাদাররা। তাঁদের বক্তব্য, প্রকল্পের কাজ শেষ করে দীর্ঘদিন ধরে টাকা আটকে থাকায় কর্মী ও শ্রমিকদের পারিশ্রমিক দেওয়া থেকে শুরু করে বিভিন্ন আর্থিক দায় মেটাতে সমস্যায় পড়তে হচ্ছে।
এদিকে, ঠিকাদারদের অভিযোগের বিষয়টি স্বীকার করে পিএইচই দপ্তরের এক ইঞ্জিনিয়ার জানান, বকেয়া বিল সংক্রান্ত বিষয়টি ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঠিকাদারদের সমস্যার কথা বিবেচনা করে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
Reviewed by Social Tribal News Journalist
on
September 14, 2026
Rating:

No comments: