আসানসোল -: দেশের সেবায় নিয়োজিত অবস্থায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল আসানসোলের বিএসএফ জওয়ান মনু সাওয়ের। জম্মু-কাশ্মীরের শ্রীনগর-বারামুল্লায় কর্তব্যরত অবস্থায় তাঁর মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। প্রিয় জওয়ানকে শেষবারের মতো দেখতে রাতেই উষাগ্রামের ভগতপাড়ায় ভিড় জমান অসংখ্য মানুষ।
শনিবার রাতে ত্রিবর্ণ পতাকায় মোড়া মনু সাওয়ের পার্থিব দেহ পৌঁছয় তাঁর বাড়িতে। দেশের জন্য কর্তব্য পালন করতে গিয়ে প্রিয়জনকে হারানোর যন্ত্রণায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। অন্যদিকে, বীর জওয়ানের শেষযাত্রায় সামিল হন এলাকার বাসিন্দা, যুবসমাজ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।
রাতের অন্ধকারে শোকমিছিল এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বারবার উচ্চারিত হয় ‘ভারত মাতা কি জয়’ এবং ‘মনু সাও অমর রহে’ ধ্বনি। মুহূর্তেই ভগতপাড়া-সহ সংলগ্ন এলাকা পরিণত হয় শোক ও শ্রদ্ধার মিলনস্থলে। শেষ শ্রদ্ধা জানাতে আসা বহু মানুষের চোখে ছিল জল।
স্থানীয় বাসিন্দাদের কথায়, মনু সাও ছিলেন অত্যন্ত মিশুকে ও কর্তব্যনিষ্ঠ মানুষ। কর্মসূত্রে দীর্ঘদিন বাড়ির বাইরে থাকলেও এলাকার মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল নিবিড়। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার যেমন আপনজনকে হারিয়েছে, তেমনই এক কর্তব্যপরায়ণ জওয়ানকে হারাল আসানসোল।
এদিকে, মনু সাওয়ের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য জেলা প্রশাসনের কাছে আর্থিক ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের বক্তব্য, দেশের সেবায় জীবন উৎসর্গ করা এই পরিবারের পাশে প্রশাসনের সর্বতোভাবে থাকা উচিত।
Reviewed by Social Tribal News Journalist
on
September 27, 2026
Rating:

No comments: