স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুর ১টা নাগাদ ঘটনাটি ঘটে। পশ্চিম বর্ধমান কিন্নর সমাজের গুরু বিতান তিওয়ারির অভিযোগ, তাঁদের গোষ্ঠীর কয়েকজন সদস্যকে চুরির অভিযোগে সমাজ থেকে বহিষ্কার করা হয়েছিল। অভিযোগ, বহিষ্কৃত ওই ব্যক্তিরাই পরবর্তীতে পাণ্ডবেশ্বরে বাড়ি ভাড়া নিয়ে সংশ্লিষ্ট এলাকায় টাকা তোলার কাজ শুরু করেন। এই বিষয়কে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বলে দাবি।
বিতান তিওয়ারির বক্তব্য অনুযায়ী, রবিবার তাঁর গোষ্ঠীর কয়েকজন সদস্য সমাজের কাজে হনুমান মন্দিরের কাছে গেলে অপর গোষ্ঠীর সদস্যরা স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে তাঁদের উপর হামলা চালান। লাঠি, ডান্ডা এবং ছুরি দিয়ে হামলার অভিযোগও উঠেছে। পাশাপাশি ঢোল, সোনার গয়না এবং নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন বিতান তিওয়ারি।
ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষুব্ধ কিন্নর সমাজের সদস্যরা পাণ্ডবেশ্বর থানার সামনে বিক্ষোভ শুরু করেন। দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা ধরে চলে বিক্ষোভ। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্তে ইতিমধ্যেই চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। পুলিশের তরফে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেওয়ার পর বিক্ষোভকারীরা অবস্থান তুলে নেন।
তবে সংঘর্ষের ঘটনায় অপর গোষ্ঠীর পক্ষ থেকে এখনও কোনও বক্তব্য পাওয়া যায়নি। ফলে অভিযোগ ও পাল্টা অভিযোগের সম্পূর্ণ সত্যতা তদন্তের পরই স্পষ্ট হবে। ঘটনার কারণ, সংঘর্ষের প্রকৃত পরিস্থিতি এবং লুটের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ।
Reviewed by Social Tribal News Journalist
on
September 20, 2026
Rating:

No comments: