জামুড়িয়া -: উন্নয়নের নামে সিঙ্গারন নদীর স্বাভাবিক গতিপথ কোনওভাবেই বদলানো যাবে না—এই দাবিতে সরব হলেন এলাকার গ্রামবাসীরা। সোমবার কুনুস্তোড়িয়া এরিয়ার জেনারেল ম্যানেজার দফতরের সামনে বিক্ষোভ সভা করে স্মারকলিপি জমা দিল সিঙ্গারন নদী বাঁচাও কমিটি।
কমিটির অভিযোগ, ইসিএলের এমডিও প্রকল্পকে কেন্দ্র করে বেলবাদ-পড়াসিয়া এলাকায় সিঙ্গারন নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তনের চেষ্টা চলছে। তাঁদের প্রশ্ন, নদীর গতিপথ বদলানোর এমন সিদ্ধান্ত নেওয়া হলে তার অনুমতি কোথা থেকে মিলল? পরিবেশ ও এলাকার মানুষের ভবিষ্যৎ নিয়ে কোনওরকম ঝুঁকি নেওয়া যাবে না বলেও দাবি করেন তাঁরা।
কমিটির পক্ষ থেকে মূলত তিনটি দাবি তুলে ধরা হয়েছে। বেলবাদ-পড়াসিয়া এলাকায় কোনওভাবেই সিঙ্গারন নদীর গতিপথ পরিবর্তন করা যাবে না। নির্বিচারে জঙ্গল কাটা বন্ধ করার পাশাপাশি ভূমিধস রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে ইসিএলের সামাজিক দায়বদ্ধতা তহবিল স্থানীয় এলাকার উন্নয়নে যথাযথভাবে খরচ করার দাবিও জানানো হয়েছে।
বিক্ষোভকারীদের বক্তব্য, নদী শুধু জলপ্রবাহ নয়, একটি এলাকার পরিবেশ ও জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। নদীর স্বাভাবিক প্রবাহে হস্তক্ষেপ করলে জলস্তর, কৃষিজমি ও জীববৈচিত্র্যের উপর তার প্রভাব পড়তে পারে। পাশাপাশি বর্ষার সময় বন্যা ও ভূমিধসের আশঙ্কাও বাড়তে পারে বলে তাঁদের দাবি।
এদিনের বিক্ষোভে নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ের প্রসঙ্গও উঠে আসে। নদীর স্বাভাবিক গতিপথে বাধা সৃষ্টি এবং অপরিকল্পিত নির্মাণ কীভাবে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে, সেই উদাহরণ তুলে ধরে সতর্ক করেন কমিটির সদস্যরা।
কমিটির সদস্যদের স্পষ্ট বক্তব্য, “নদী ও জঙ্গল আমাদের জীবন। উন্নয়ন চাই, কিন্তু পরিবেশকে ধ্বংস করে নয়। সিঙ্গারনকে বাঁচাতেই হবে, কারণ নদী বাঁচলেই বাঁচবে ভবিষ্যৎ।”
Reviewed by Social Tribal News Journalist
on
September 14, 2026
Rating:


No comments: