আসানসোল -: শহরের অন্যতম অভিজাত আবাসিক কমপ্লেক্স জেনেক্স এসকটিকায় মঙ্গলবার দুপুরে একটি ফ্ল্যাটে আচমকা আগুন লাগাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুনের কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আতঙ্কে আশপাশের ফ্ল্যাটের বাসিন্দারা দ্রুত বাড়ির বাইরে বেরিয়ে আসেন।
জানা গিয়েছে, আবাসনের টাওয়ার নম্বর ৫-এর প্রথম তলার একটি ফ্ল্যাটে আগুনের সূত্রপাত। প্রাথমিকভাবে অনুমান, রান্নাঘর থেকেই আগুন ছড়িয়ে পড়ে। পরে আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। দীর্ঘ চেষ্টার পর দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। সময়মতো আগুন নিয়ন্ত্রণে না এলে পাশের ফ্ল্যাটগুলিতেও তা ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল।
প্রাথমিক তদন্তে ফ্রিজে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। পুলিশ ও দমকল বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বিস্তারিত তদন্তের পরই আগুনের সঠিক কারণ স্পষ্ট হবে।
যে ফ্ল্যাটে আগুন লাগে, সেখানে ব্যাংককর্মী সচিন অম্বষ্টা পরিবারের সঙ্গে থাকেন। ঘটনার সময় তাঁর স্ত্রী ও শিশুসন্তান বাড়ির ভিতরেই ছিলেন। আগুন লাগার পর আতঙ্কের পরিবেশ তৈরি হয়। প্রতিবেশী ও নিরাপত্তাকর্মীদের তৎপরতায় তাঁদের দ্রুত নিরাপদে বাইরে বের করে আনা সম্ভব হয়। ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় পরিবারটি।
ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছন বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। পাশাপাশি পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। তবে আগুনে ফ্ল্যাটের ভিতরে থাকা বেশ কিছু সামগ্রী পুড়ে নষ্ট হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখতে পুলিশ ও দমকল বিভাগের তদন্ত শুরু হয়েছে।
Reviewed by Social Tribal News Journalist
on
September 08, 2026
Rating:


No comments: