রানীগঞ্জ -: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২৫ বছরের রাজনৈতিক যাত্রা এবং ‘বিকশিত ভারত’-এর ভাবনা এবার উঠে এল কলেজ পড়ুয়াদের নাটকের মঞ্চে। শনিবার রানীগঞ্জের ত্রিবেণী দেবী ভালোটিয়া (টিডিবি) কলেজের সভাকক্ষে আয়োজিত হল আন্তঃকলেজ নাট্য প্রতিযোগিতা। পশ্চিম বর্ধমান জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে এবং ‘সেবা পর্ব—নমো সেবা গাথা, এক অজানা কাহিনী’ কর্মসূচির অঙ্গ হিসেবে আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার মোট ৮টি কলেজের পড়ুয়ারা অংশ নেন। প্রতিটি দলকে নাটক পরিবেশনের জন্য ৩০ মিনিট করে সময় দেওয়া হয়েছিল। অভিনয়, সংলাপ ও মঞ্চ উপস্থাপনার মাধ্যমে প্রতিযোগীরা মোদীর রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্ব তুলে ধরেন। পাশাপাশি স্বচ্ছ ভারত অভিযান, উজ্জ্বলা যোজনা, ডিজিটাল ইন্ডিয়া, স্টার্টআপ ইন্ডিয়া, ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’, ৩৭০ ধারা বিলোপ থেকে চন্দ্রযান অভিযান—একাধিক বিষয়ও নাটকের মাধ্যমে তুলে ধরা হয়।
প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিম বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক বিক্রম চ্যাটার্জী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্মসূচির সমন্বয়কারী ড. তুষার কান্তি ব্যানার্জী, টিডিবি কলেজের অধ্যক্ষ ড. সঞ্জীব পান্ডে, কর্মসূচির আহ্বায়ক শম্পা রায়, আহ্বায়ক অমিতাভ গড়াই এবং সমাজসেবী কাকলি ঘোষ। প্রতিযোগিতাকে ঘিরে পড়ুয়াদের মধ্যে ছিল যথেষ্ট উৎসাহ। একের পর এক দলের নাট্য পরিবেশনে জমে ওঠে কলেজের সভাকক্ষ। অভিনয়ের পাশাপাশি বিষয় উপস্থাপনের অভিনবত্বও নজর কাড়ে। শেষে বিচারকদের রায়ে প্রথম স্থান অধিকার করে রানীগঞ্জ গার্লস কলেজ। দ্বিতীয় হয় দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ। তৃতীয় স্থান অর্জন করে আসানসোলের বিধানচন্দ্র কলেজ (বিসি কলেজ)।
আয়োজকদের বক্তব্য, এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে পড়ুয়াদের সৃজনশীল প্রতিভার বিকাশের পাশাপাশি দেশের উন্নয়ন এবং ‘বিকশিত ভারত’-এর ভাবনা সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করাই অন্যতম লক্ষ্য।
নাটকের মঞ্চে মোদীর ২৫ বছরের যাত্রা, চ্যাম্পিয়ন রানীগঞ্জ গার্লস কলেজ
Reviewed by Social Tribal News Journalist
on
September 26, 2026
Rating:
Reviewed by Social Tribal News Journalist
on
September 26, 2026
Rating:

No comments: