Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

প্রতিশ্রুতি শুধু কাগজে নয়, বাস্তবে নিয়োগের দাবিতে সরব আদিবাসী সংগঠন


আসানসোল /বার্নপুর -: বার্নপুরের শিল্পায়নের ইতিহাসের সঙ্গে স্থানীয় মানুষের জীবন-জীবিকা ও জমির সম্পর্ক দীর্ঘদিনের। শিল্পের সম্প্রসারণের বিভিন্ন পর্যায়ে কর্মসংস্থান, জমির ক্ষতিপূরণ এবং স্থানীয় মানুষের অধিকার নিয়ে প্রশ্নও সামনে এসেছে। এবার ইস্পাত কারখানার দ্বিতীয় পর্যায়ের আধুনিকীকরণের আবহে সেই পুরনো প্রশ্নই নতুন করে সামনে আনল আদিবাসী স্টুডেন্ট অ্যান্ড ইয়ুথ ফোরাম, আসানসোল-দুর্গাপুর। স্থানীয় বেকার আদিবাসী যুবকদের কর্মসংস্থানে অগ্রাধিকার দেওয়ার দাবিতে কারখানার ডিআইসির কাছে স্মারকলিপি জমা দিয়েছে সংগঠনটি।

ফোরামের বক্তব্য, বার্নপুর শিল্পাঞ্চলের বিকাশে আদিবাসী সমাজের ঐতিহাসিক ভূমিকা রয়েছে। ফলে আধুনিকীকরণের নতুন পর্বে স্থানীয় আদিবাসী যুবকদের কর্মসংস্থানের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। সংগঠনের দাবি, ২০২৪ সালের ২০ আগস্ট পরিবেশগত ছাড়পত্রের জন্য আয়োজিত জনশুনানিতে স্থানীয় বেকার আদিবাসী যুবকদের আউটসোর্সিংয়ের কাজে নিয়োগের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা দ্রুত বাস্তবায়ন করা হোক। পাশাপাশি দ্বিতীয় পর্যায়ের আধুনিকীকরণে অদক্ষ, অর্ধদক্ষ ও দক্ষ—সব ধরনের কাজেই যোগ্য স্থানীয় আদিবাসী যুবকদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানানো হয়েছে।

শুধু সরাসরি নিয়োগ নয়, মেইনটেন্যান্স, হাউসকিপিং, নিরাপত্তা ও নির্মাণকাজের মতো বিভিন্ন আউটসোর্সিংয়ের ক্ষেত্রেও স্থানীয় আদিবাসীদের সুযোগ দেওয়ার দাবি উঠেছে। সংগঠনের আরও দাবি, ২০০৬ সালে প্রথম পর্যায়ের আধুনিকীকরণের সময় যেভাবে অ-আদিবাসী জমিহারাদের চাকরি ও ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছিল, একই প্রক্রিয়ায় আদিবাসী জমিহারাদেরও চাকরি এবং যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। তাঁদের বক্তব্য, শিল্পের সম্প্রসারণের সুফল স্থানীয় মানুষের কাছে পৌঁছনোর পাশাপাশি জমি ও জীবিকার সঙ্গে যুক্ত পরিবারগুলির স্বার্থও বিবেচনায় রাখা প্রয়োজন।

শিল্পদূষণের প্রভাবের প্রসঙ্গও স্মারকলিপিতে তুলে ধরা হয়েছে। সংগঠনের সভাপতি হীরালাল সোরেন জানান, আইএসপি শিল্পাঞ্চলের দূষণের প্রভাব স্থানীয় আদিবাসী সমাজের উপরও পড়ছে। তাই আধুনিকীকরণের পাশাপাশি কর্মসংস্থান, ক্ষতিপূরণ ও পরিবেশগত বিষয়গুলিও গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গুরুদাস কিস্কু, মালতি কিস্কু, ঘাগর সোরেন, সঞ্জয় হাঁসদা, মৌসুমী বাসকি, অভিষেক মারান্ডি-সহ একাধিক কর্মী সমর্থকরা।

প্রতিশ্রুতি শুধু কাগজে নয়, বাস্তবে নিয়োগের দাবিতে সরব আদিবাসী সংগঠন প্রতিশ্রুতি শুধু কাগজে নয়, বাস্তবে নিয়োগের দাবিতে সরব আদিবাসী সংগঠন Reviewed by Social Tribal News Journalist on September 12, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.