কুলটিতে সাইবার জালিয়াতির সন্দেহভাজন ঘাঁটিতে পুলিশের হানা! তালা ভেঙে তল্লাশি, ল্যাপটপ-মোবাইল উদ্ধার, আটক ৬
আসানসোল/কুলটি -: সকাল হতেই নিয়ামতপুরের হরিজন পাড়ায় পুলিশের তৎপরতা। চারদিক ঘিরে ফেলে শুরু হল তল্লাশি অভিযান। একের পর এক সন্দেহভাজন বাড়িতে হানা, কোথাও বন্ধ বাড়ির তালা ভেঙে ভিতরে ঢুকে তল্লাশি—সোমবারের এই ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য। পুলিশ, সাইবার অপরাধ দমন শাখা, র্যাপিড অ্যাকশন ফোর্স এবং কমব্যাট ফোর্সের যৌথ অভিযানে কার্যত নজরবন্দি হয়ে পড়ে গোটা এলাকা। স্থানীয় সূত্রের দাবি, কয়েকটি বাড়িতে পুলিশের গতিবিধির উপর নজর রাখতে সিসিটিভি-র ব্যবস্থাও করা হয়েছিল। সেই বাড়িগুলিতেও তল্লাশি চালানো হয়।
অভিযানে বহু মোবাইল ফোন, ল্যাপটপ, হার্ড ডিস্ক-সহ একাধিক বৈদ্যুতিক যন্ত্র উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। উদ্ধার হওয়া যন্ত্রগুলির তথ্য খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এগুলির মাধ্যমে কোনও সাইবার প্রতারণার নেটওয়ার্ক পরিচালিত হত কি না, সেটিই এখন তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। অভিযানের পর এখনও পর্যন্ত ৬ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের কাছ থেকে এই চক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার চেষ্টা চলছে। কার সঙ্গে যোগাযোগ ছিল, কোথা থেকে কাজ পরিচালিত হত এবং উদ্ধার হওয়া বৈদ্যুতিন যন্ত্রগুলির ব্যবহার কী ছিল—একাধিক প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই ওই এলাকা থেকে সাইবার প্রতারণা সংক্রান্ত অভিযোগের তথ্য সামনে আসছিল। ভুয়ো ফোন, ব্যাঙ্ক সংক্রান্ত প্রতারণা কিংবা অনলাইন জালিয়াতির সঙ্গে এলাকার কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কাউকে দোষী সাব্যস্ত করা হচ্ছে না। উদ্ধার হওয়া মোবাইল, ল্যাপটপ ও হার্ড ডিস্ক ফরেনসিক পরীক্ষায় পাঠানো হতে পারে। তদন্তকারীদের ধারণা, যন্ত্রগুলির তথ্য বিশ্লেষণ করলে এই ঘটনার পিছনে আরও বড় কোনও নেটওয়ার্কের সন্ধান মিলতে পারে।
আপাতত পুলিশের নজরদারি ও তদন্ত জারি রয়েছে। আটক ছয়জনকে জিজ্ঞাসাবাদ এবং উদ্ধার হওয়া সামগ্রী পরীক্ষা করার পরই স্পষ্ট হবে—নিয়ামতপুরের এই অভিযানের নেপথ্যে আসলে কত বড় সাইবার জাল লুকিয়ে রয়েছে।
Reviewed by Social Tribal News Journalist
on
September 07, 2026
Rating:


No comments: