ঘটনাটি ঘটেছে অন্ডাল থানার সিঁদুলি এলাকার মাহাতোপাড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় দিনমজুর বাবলু সরদারের মাটির বাড়িটি কয়েক দিনের টানা বৃষ্টিতে ভিজে নরম হয়ে পড়েছিল। শুক্রবার প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার মধ্যেই আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গোটা বাড়িটি।
সেই সময় বাড়ির ভিতরেই ছিলেন পরিবারের সদস্যরা। কোনওরকমে তাঁরা বেরিয়ে আসায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। তবে বাড়ির দেওয়াল ও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নষ্ট হয়ে যায় আসবাবপত্র, হাঁড়ি-কড়াই, জামাকাপড়-সহ ঘরের যাবতীয় সামগ্রী। চোখের সামনে শেষ সম্বলটুকু হারিয়ে কার্যত পথে বসেছে পরিবারটি।
বাড়ি ভেঙে পড়ার পর স্ত্রী, ছোট সন্তান এবং অসুস্থ মাকে নিয়ে স্থানীয় একটি ক্লাবঘরে আশ্রয় নিয়েছেন বাবলু সরদার। আপাতত পাড়া-প্রতিবেশীর সহায়তাতেই কোনওরকমে দিন কাটছে তাঁদের। স্থানীয় বাসিন্দারাই খাবার ও প্রয়োজনীয় সামগ্রী দিয়ে পরিবারটির পাশে দাঁড়িয়েছেন।
কান্নাজড়িত গলায় বাবলু সরদারের আবেদন, ‘‘সরকারের কাছে একটাই আবেদন, আমাদের একটা পাকা বাড়ির ব্যবস্থা করে দিন। বউ, বাচ্চা আর অসুস্থ মাকে নিয়ে এখন কোথায় যাব?’’
এদিকে, টানা বৃষ্টিতে অন্ডাল-সহ গোটা খনি অঞ্চলের বহু কাঁচা বাড়িই এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে দাবি স্থানীয়দের। তাঁদের আশঙ্কা, দ্রুত প্রশাসনিক পদক্ষেপ না করা হলে আগামী দিনে আরও কাঁচা বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটতে পারে। বিপজ্জনক বাড়িগুলি চিহ্নিত করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে প্রশাসন দ্রুত দাঁড়াক—এমনই দাবি উঠেছে এলাকায়।
বৃষ্টির দাপটে অন্ডালে হুড়মুড়িয়ে ভাঙল মাটির বাড়ি, ক্লাবে আশ্রয় দিনমজুরের পরিবারের
Reviewed by Social Tribal News Journalist
on
September 26, 2026
Rating:
Reviewed by Social Tribal News Journalist
on
September 26, 2026
Rating:


No comments: