Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

ইসিএলের বিদ্যুতের উপর নির্ভরতা কাটিয়ে রাজ্য বিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনার দাবিতে জামুড়িয়ায় গণসম্মেলন



 জামুড়িয়া -: দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে এবার সরব হলেন জামুড়িয়ার বাসিন্দারা। রবিবার পরিহারপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নাগরিক মঞ্চের উদ্যোগে আয়োজিত গণসম্মেলনে অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ, বারবার ট্রান্সফর্মার বিকল হয়ে যাওয়া এবং ইসিএলের বিদ্যুৎ ব্যবস্থার উপর নির্ভরশীলতার সমস্যা তুলে ধরা হয়। সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শ্রমিক নেতা, ছাত্র-যুব এবং এলাকার বহু মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, বাগসিমুলিয়া ৭-৮ নম্বর, গোয়ালাপাড়া, লালগৌড়া, হরিহরপুর-সহ বিস্তীর্ণ এলাকায় দীর্ঘদিন ধরেই বিদ্যুৎ পরিষেবা নিয়ে সমস্যা রয়েছে। গত ৫ সেপ্টেম্বর ইসিএলের সরবরাহ করা একটি ট্রান্সফর্মার পুড়ে যাওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এর জেরে পড়াশোনা থেকে শুরু করে দৈনন্দিন কাজকর্ম—সব ক্ষেত্রেই সমস্যায় পড়তে হচ্ছে বাসিন্দাদের। গণসম্মেলন থেকে বাগসিমুলিয়া টোটাল ১০ নম্বর, তিন পুকুরিয়া, গোয়ালাপাড়া, ৭-৮ নম্বর, মনোহরপুর, ১১-১২ নম্বর এবং বাগানপাড়া-সহ বিস্তীর্ণ এলাকাকে দ্রুত রাজ্য বিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনার দাবি ওঠে।

সভায় বক্তব্য রাখতে গিয়ে জামুড়িয়ার বিধায়ক ডঃ বিজন মুখোপাধ্যায় বলেন, এই সমস্যার কথা তিনি দু’-তিন দিন আগে জানতে পেরেছেন। এরপরই জেলাশাসকের সঙ্গে কথা বলেছেন। সোমবার থেকেই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে সমস্যা সমাধানের পরবর্তী প্রক্রিয়া শুরু হবে। তাঁর আশ্বাস, যতদিন না সংশ্লিষ্ট এলাকাগুলিকে রাজ্য বিদ্যুৎ ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হচ্ছে, ততদিন ইসিএলের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হবে না। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিএল কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা করা হবে। তিনি জানান, জামুড়িয়ার একাধিক এলাকাকে রাজ্য বিদ্যুৎ ব্যবস্থার সঙ্গে যুক্ত করার উদ্যোগ ইতিমধ্যেই শুরু হয়েছে। হরিহরপুর এলাকাকে সংযুক্ত করতে প্রায় ৭০ লক্ষ টাকা খরচের হিসাব সামনে এসেছে। এ বিষয়ে সাংসদ ও সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং দ্রুত স্মারকলিপি দেওয়ার পাশাপাশি মন্ত্রীর সঙ্গে বৈঠকের উদ্যোগও নেওয়া হয়েছে।

বিদ্যুৎ বিভ্রাটের অন্যতম কারণ হিসেবে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের কথাও তুলে ধরেন বিধায়ক। তাঁর বক্তব্য, অনেক জায়গায় ৫০০ কেভিএ ক্ষমতার ট্রান্সফর্মারের উপর ৭০০ কেভিএ পর্যন্ত লোড পড়ছে। ফলে অতিরিক্ত চাপে ট্রান্সফর্মার বিকল বা পুড়ে যাচ্ছে। মানুষকে প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ ব্যবহারের আবেদন জানান তিনি। সভায় জামুড়িয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তাপস কোবি, শ্রমিক নেতা মনোজ দত্ত, কংগ্রেসের ব্লক সভাপতি পরিতোষ বাউরি, তৃণমূল কংগ্রেসের মুজিবুর রহমান-সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। সকলেই দলমতের ঊর্ধ্বে উঠে বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানান। সম্মেলনে সভাপতিত্ব করেন শ্যামল গঙ্গোপাধ্যায়। উপস্থিত ছিলেন বিজেপি নেতা নিরঞ্জন সিং, বিশ্বজিৎ মিশ্র, আনন্দ সিং-সহ এলাকার বহু মানুষ।

ইসিএলের বিদ্যুতের উপর নির্ভরতা কাটিয়ে রাজ্য বিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনার দাবিতে জামুড়িয়ায় গণসম্মেলন ইসিএলের বিদ্যুতের উপর নির্ভরতা কাটিয়ে রাজ্য বিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনার দাবিতে জামুড়িয়ায় গণসম্মেলন Reviewed by Social Tribal News Journalist on September 14, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.