পানাগড়, কাঁকসা, ২ সেপ্টেম্বর -: কলকাতার পর এবার জেলার বাজারগুলিতেও কড়া নজরদারি। নবান্নের নির্দেশে পশ্চিম বর্ধমান জুড়ে শুরু হয়েছে ফুড সেফটি দপ্তরের বিশেষ অভিযান। বুধবার সকালে সেই অভিযানের আঁচ পড়ল পানাগড় বাজারেও। বড় দোকানের পাশাপাশি রাস্তার ধারের ছোট খাবারের দোকানগুলিতেও নজরদারি চালানো হয়।
এদিন ফুড সেফটি দপ্তরের আধিকারিকদের সঙ্গে যৌথভাবে অভিযানে নামে কাঁকসা থানার পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। উপস্থিত ছিলেন কাঁকসা থানার আইসি, বিডিও সৌরভ গুপ্ত-সহ অন্যান্য আধিকারিকরা।
পানাগড় বাজারের একাধিক মিষ্টির দোকান, হোটেল, রেস্তোরাঁ ও বিরিয়ানির কাউন্টারে চলে তল্লাশি। খাবার তৈরির জায়গার পরিচ্ছন্নতা থেকে শুরু করে ব্যবহৃত তেল, মশলা ও অন্যান্য উপকরণের গুণমান খতিয়ে দেখা হয়। পাশাপাশি খাবারের মেয়াদ এবং সংরক্ষণের পদ্ধতিও পরীক্ষা করেন আধিকারিকরা।
অভিযান চলাকালীন কয়েকটি দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং পচা খাবার মজুত রাখার অভিযোগ সামনে আসে বলে প্রশাসন সূত্রে জানা যায়। সংশ্লিষ্ট দোকান মালিকদের সতর্ক করার পাশাপাশি বেশ কিছু খাবারের নমুনাও সংগ্রহ করা হয়।
প্রশাসনের স্পষ্ট বার্তা, খাবারের গুণমান ও সাধারণ মানুষের স্বাস্থ্যের সঙ্গে কোনওরকম আপস করা হবে না। খাদ্য নিরাপত্তা সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পাশাপাশি সাধারণ মানুষকেও খাবার কেনার আগে তার গুণমান, মেয়াদ ও দোকানের পরিচ্ছন্নতার বিষয়টি খতিয়ে দেখার আবেদন জানিয়েছে প্রশাসন। আগামী দিনেও পশ্চিম বর্ধমানের বিভিন্ন বাজার ও খাবারের দোকানে এই ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে বলে জানানো হয়েছে।
Reviewed by Social Tribal News Journalist
on
September 02, 2026
Rating:


No comments: