ঘটনার সূত্রপাত গত ২১ সেপ্টেম্বর। আসানসোলের বিবি কলেজে একটি অনুষ্ঠান চলাকালীন কয়েকজন ছাত্রছাত্রীর উপর হামলার অভিযোগ ওঠে। এবিভিপির দাবি, তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের সদস্যদের হামলায় তাদের কয়েকজন সমর্থক আহত হন। ঘটনার প্রতিবাদে কলেজের অধ্যক্ষের কাছে বিক্ষোভ দেখানোর পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা দিয়েছিল এবিভিপি।
অভিযোগ, সেই সময়সীমা পার হয়ে গেলেও পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করেনি। এরপরই বুধবার সকালে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে রাস্তায়। আসানসোল স্টেশন থেকে পদযাত্রা করে এবিভিপি কর্মী-সমর্থকেরা পৌঁছন আসানসোল দক্ষিণ থানার সামনে। সেখানে শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভ চলাকালীন জিটি রোড অবরোধেরও অভিযোগ ওঠে।
এবিভিপির দাবি, কলেজে হামলার ঘটনার সিসিটিভি ফুটেজে ঘটনার ছবি ধরা পড়েছে। লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরও কেন গ্রেপ্তার করা হচ্ছে না, তা নিয়েই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা।
তাঁদের দাবি, দ্রুত তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে নিরপেক্ষ তদন্তের দাবিও জানানো হয়েছে। ২৪ ঘণ্টার প্রতিশ্রুতি পেরিয়ে যাওয়ার পরও গ্রেপ্তার না হওয়াকে কেন্দ্র করে এ দিন পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এবিভিপি কর্মী-সমর্থকেরা।
Reviewed by Social Tribal News Journalist
on
September 23, 2026
Rating:

No comments: