আসানসোল/বার্নপুর -: সেল-আইএসপি-তে আগামী ২৪ সেপ্টেম্বরের ট্রেড ইউনিয়ন নির্বাচন যত এগিয়ে আসছে, ততই জোরালো হচ্ছে শ্রমিক সংগঠনগুলির প্রচার ও পাল্টা দাবি। নির্বাচনের আগে কর্মীদের দীর্ঘদিনের বেতন ও পার্কস বকেয়ার বিষয়টিকেই সামনে এনে সরব হয়েছে ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)। সংগঠনের দাবি, সেল-এর কর্মীদের ৩৯ মাসের বেতন বকেয়া এবং ৫৮ মাসের পার্কস বকেয়া আদায়ের সম্ভাবনা এখনও যে রয়েছে, তার অন্যতম কারণ বিএমএসের অনড় অবস্থান।
বিএমএসের নেতৃত্বের অভিযোগ, অন্যান্য কয়েকটি শ্রমিক সংগঠন ব্যবস্থাপনার সঙ্গে সমঝোতাপত্রে স্বাক্ষর করলেও তারা সেই পথে হাঁটেনি। সংগঠনের দাবি, তারা ওই সমঝোতায় সই করলে কর্মীদের বকেয়া পাওয়ার দাবি কার্যত দুর্বল হয়ে যেত। তাই কর্মীদের স্বার্থের কথা মাথায় রেখেই সমঝোতাপত্রে স্বাক্ষর না করে আইনি লড়াইয়ের পথ বেছে নেওয়া হয়েছে।
বিএমএসের পক্ষ থেকে জানানো হয়েছে, বকেয়া সংক্রান্ত বিষয়টি নিয়ে কেন্দ্রীয় শ্রম কমিশনারের উপস্থিতিতে ব্যবস্থাপনার সঙ্গে বৈঠকও হয়েছে। সেখানে ব্যবস্থাপনা বকেয়া মেটানোর বিষয়ে ইতিবাচক অবস্থান নেয়নি বলে দাবি সংগঠনের। ফলে আইনি লড়াই ছাড়া আর কোনও পথ খোলা নেই বলেই মনে করছে বিএমএস।
সংগঠনের দাবি, দীর্ঘ আইনি প্রক্রিয়ার কারণে কর্মীদের যাতে বছরের পর বছর অপেক্ষা করতে না হয়, সেই লক্ষ্যেই ইতিমধ্যে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তারা। বিএমএস নেতৃত্বের আশা, মামলার চূড়ান্ত শুনানিতে কর্মীদের পক্ষে রায় আসবে।
এই প্রসঙ্গে বিএমএসের যুক্তি, ২০০৮ সালের পার্কস বকেয়া নিয়ে সেল-এর আধিকারিকরা আদালতের মাধ্যমে তাঁদের অধিকার আদায় করতে পেরেছেন। সেক্ষেত্রে কর্মীদের বেতন বকেয়ার দাবিও আইনি পথে প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদী সংগঠন। বিচারব্যবস্থার উপর তাঁদের পূর্ণ আস্থা রয়েছে বলেও জানিয়েছে বিএমএস।
নির্বাচনের মুখে কর্মীদের উদ্দেশে বিএমএসের আবেদন, ২৪ সেপ্টেম্বর তাঁদের পক্ষে ভোট দিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয়ী করা হোক। সংগঠনের বক্তব্য, কর্মীদের স্বার্থ রক্ষায় কোন ইউনিয়ন বাস্তবে লড়াই করছে, তা এবার কর্মীদেরই সিদ্ধান্ত নিতে হবে। তবে বিএমএসের এই দাবিগুলি নিয়ে অন্য শ্রমিক সংগঠনগুলির বক্তব্য এখনও জানা যায়নি।
Reviewed by Social Tribal News Journalist
on
September 12, 2026
Rating:
.jpg)
No comments: