রানীগঞ্জ -: রাজ্যজুড়ে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বিজেপির নতুন ৩০৭ সদস্যের রাজ্য কার্যকারিণী ঘোষণা করলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সেই কমিটিতে স্থান পেলেন রানীগঞ্জের প্রবীণ বিজেপি নেতা মনোজ ওঝা। রাজ্য সংগঠনে তাঁর অন্তর্ভুক্তির খবর সামনে আসতেই রানীগঞ্জের রামবাগান-সহ বিভিন্ন এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়ায়।
দীর্ঘদিন ধরে বিজেপির সংগঠনের সঙ্গে যুক্ত মনোজ ওঝার এই দায়িত্বকে তাঁর অনুগামীরা সাংগঠনিক নিষ্ঠা ও দীর্ঘদিনের পরিশ্রমের স্বীকৃতি হিসেবেই দেখছেন। মনোনয়নের পর দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মনোজ বলেন, নতুন দায়িত্ব তাঁর কাছে যেমন সম্মানের, তেমনই বড় দায়িত্বেরও। সংগঠনকে বুথস্তর পর্যন্ত আরও শক্তিশালী করতে কর্মীদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন তিনি।
পাশাপাশি সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা যোগ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং দলের নীতি সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়াকেও অগ্রাধিকার দেওয়ার কথা জানান মনোজ। তাঁর বক্তব্য, বিজেপিতে একজন সাধারণ কর্মীর পরিশ্রম ও নিষ্ঠারও মূল্যায়ন হয়।
রানীগঞ্জের দলীয় কর্মীদের একাংশের আশা, রাজ্য কার্যকারিণীতে মনোজ ওঝার অন্তর্ভুক্তি এলাকায় বিজেপির সাংগঠনিক তৎপরতায় নতুন গতি আনবে।
Reviewed by Social Tribal News Journalist
on
September 15, 2026
Rating:

No comments: