জামুড়িয়া -: অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়ার অভিযোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন মহিলাদের বিক্ষোভ ও অবরোধ ঘিরে উত্তেজনা, তখন জামুড়িয়ায় দেখা গেল সম্পূর্ণ ভিন্ন ছবি। সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে পথে নামলেন কয়েকশো মহিলা। আর সেই মিছিলের নেতৃত্বে বিজেপি থাকায় ঘটনাটি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
রবিবার জামুড়িয়া বিধানসভার চুরুলিয়া চৌধুরী পুকুর থেকে চুরুলিয়া হাটতলা পর্যন্ত ঢাক-ঢোল বাজিয়ে মিছিল করেন মহিলারা। তাঁদের হাতে ছিল ‘ধন্যবাদ মুখ্যমন্ত্রী, ধন্যবাদ অন্নপূর্ণা ভাণ্ডার’ লেখা পোস্টার। মিছিল শেষে হাটতলায় হয় সভা। উপস্থিত ছিলেন আসানসোল জেলা বিজেপি সভাপতি দেবতনু ভট্টাচার্য, জেলা সম্পাদক রানা ব্যানার্জি, মণ্ডল সভাপতি পিনাকী রায়, বিজেপি নেতা তাপস রায়-সহ দলের অন্যান্য নেতৃত্ব।
বিজেপি নেতৃত্বের দাবি, বিরোধিতা মানেই অন্ধ বিরোধিতা নয়। তাঁদের বক্তব্য, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে বাংলার বহু মা-বোন উপকৃত হচ্ছেন। জামুড়িয়ারও বহু মহিলা এই প্রকল্পের টাকা পেয়েছেন। তাই তাঁদের সঙ্গে নিয়েই সরকারের এই উদ্যোগকে ধন্যবাদ জানানো হয়েছে।
লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে চালু হওয়া অন্নপূর্ণা ভাণ্ডারকে ঘিরে রাজ্যজুড়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কোথাও টাকা না পাওয়ার অভিযোগে ক্ষোভ-বিক্ষোভ, আবার কোথাও টাকা পেয়ে খুশি উপভোক্তারা। এই আবহে বিরোধী বিজেপির নেতৃত্বে সরকারি প্রকল্পকে ধন্যবাদ জানিয়ে মিছিলের ঘটনা জামুড়িয়ার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। শাসকদলের প্রকল্পের প্রশংসায় বিরোধীদের এমন উদ্যোগ নিয়েই এখন জোর চর্চা রাজনৈতিক মহলে।
রাজ্যজুড়ে অন্নপূর্ণা নিয়ে ক্ষোভ, জামুড়িয়ায় উল্টো ছবি—সরকারকে ‘ধন্যবাদ’ জানিয়ে বিজেপির মিছিল!
Reviewed by Social Tribal News Journalist
on
September 06, 2026
Rating:
Reviewed by Social Tribal News Journalist
on
September 06, 2026
Rating:



No comments: