Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

পোস্টার অবমাননার মামলায় জামিন, সংশোধনাগার থেকে মুক্ত অরূপ


 আসানসোল, নিজস্ব প্রতিবেদক -: বাগেশ্বর ধামের পীঠাধীশ্বর পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর ছবি ও পোস্টার অবমাননার অভিযোগে গ্রেফতার কংগ্রেস নেতা অরূপ মুখোপাধ্যায় অবশেষে জামিন পেলেন। বুধবার আসানসোল সংশোধনাগার থেকে চার দিন পর মুক্তি পান তিনি। আর তাঁর জেলমুক্তিকে ঘিরে জেলগেটেই দেখা গেল কংগ্রেস কর্মীদের উচ্ছ্বাস।

জেল থেকে অরূপ বেরিয়ে আসতেই ঢাক-ঢোল ও ফুলের মালা নিয়ে তাঁকে স্বাগত জানান দলীয় কর্মীরা। ওঠে ‘অরূপ মুখোপাধ্যায় জিন্দাবাদ’ স্লোগান। উপস্থিত কর্মীদের একাংশ তাঁকে কাঁধে তুলে নেন। এদিনের ঘটনাকে ঘিরে জেল চত্বরে বেশ কিছুক্ষণ উৎসাহ-উদ্দীপনার পরিবেশ তৈরি হয়।

এই সময় উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণ বিধানসভা ব্লক সভাপতি শাহ আলম, প্রাক্তন এস এম মুস্তাফা, বিশ্বনাথ যাদব-সহ জেলার অন্যান্য নেতা এবং কয়েকশো কংগ্রেস কর্মী।

জেল থেকে বেরিয়ে অরূপ মুখোপাধ্যায় রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তাঁর অভিযোগ, বিরোধীদের কণ্ঠস্বর স্তব্ধ করার চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক ষড়যন্ত্রের কারণেই তাঁকে মামলায় ফাঁসানো হয়েছে বলেও দাবি করেন তিনি। একইসঙ্গে নিজের বক্তব্যে তিনি অটল রয়েছেন এবং আদালতের উপর তাঁর সম্পূর্ণ আস্থা রয়েছে বলে জানান।

ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে। দুর্গাপুজোর সময় আমিষ খাবার গ্রহণ না করার জন্য আবেদন করেছিলেন বাগেশ্বর ধামের পীঠাধীশ্বর ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। তাঁর সেই বক্তব্যের প্রতিবাদে আসানসোলে কংগ্রেস কর্মীরা বিক্ষোভ দেখান বলে অভিযোগ। সেই কর্মসূচিতে বাগেশ্বর বাবার পোস্টার পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত।

এরপর বিজেপি যুব মোর্চার কর্মীদের অভিযোগের ভিত্তিতে আসানসোল দক্ষিণ থানায় মামলা দায়ের হয়। পরে মহিশীলা কলোনিতে অরূপ মুখোপাধ্যায়ের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। চার দিন সংশোধনাগারে থাকার পর বুধবার জামিনে মুক্তি পেলেন তিনি।

অরূপের মুক্তিকে কেন্দ্র করে কংগ্রেস শিবিরে উচ্ছ্বাস দেখা গেলেও, ঘটনাটি ঘিরে রাজনৈতিক চাপানউতোর থামার কোনও লক্ষণ নেই। বরং অরূপের গ্রেফতারি ও পরবর্তী জামিনকে কেন্দ্র করে আসানসোলে বিজেপি-কংগ্রেসের রাজনৈতিক দ্বন্দ্ব আরও প্রকাশ্যে আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

পোস্টার অবমাননার মামলায় জামিন, সংশোধনাগার থেকে মুক্ত অরূপ পোস্টার অবমাননার মামলায় জামিন, সংশোধনাগার থেকে মুক্ত অরূপ Reviewed by Social Tribal News Journalist on September 16, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.