অণ্ডাল -: বন্ধ বাড়ির ভিতর থেকে এক মহিলার গলা কাটা রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় শনিবার চাঞ্চল্য ছড়াল অণ্ডাল থানার খাঁদরা পঞ্চায়েতের ময়রা ডিপো পাড়া এলাকায়। মৃতার নাম তারা দেবী ভুইঁয়া (৪৪)। বাড়ির ভিতর থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধারের পর থেকেই গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বাড়ি থেকে কোনও সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ থাকায় খবর দেওয়া হয় অণ্ডাল থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা খুলে ভিতরে ঢুকতেই মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তারা দেবীকে। তাঁর গলায় ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে।
খবর পেয়ে অণ্ডালের এসিপি দীপকুমার দাস বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পাশাপাশি ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে বাড়ির ভিতর থেকে বিভিন্ন নমুনা ও প্রমাণ সংগ্রহ করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর স্থানীয় খনিতে কর্মরত তপন ডোমকে বিয়ে করেছিলেন তারা দেবী। প্রথম পক্ষের দুই মেয়ে রয়েছে তাঁর। প্রতিবেশীদের দাবি, তারা দেবী ও তপনের মধ্যে প্রায়ই অশান্তি ও ঝগড়া হতো।
ঘটনার পর থেকেই তপন ডোমের খোঁজ মিলছিল না। এরপর পুলিশ দ্রুত পদক্ষেপ করে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। পরে পুলিশ জানায়, মৃতার স্বামীকে গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিকভাবে পারিবারিক বিবাদের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে পুলিশের অনুমান। তবে খুনের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের অগ্রগতির পরই মৃত্যুর আসল কারণ ও হত্যাকাণ্ডের নেপথ্যের রহস্য পরিষ্কার হবে। পাশাপাশি প্রেমঘটিত সম্পর্ক-সহ অন্যান্য সম্ভাব্য দিকও খতিয়ে দেখছে পুলিশ।
Reviewed by Social Tribal News Journalist
on
September 05, 2026
Rating:

No comments: