সাঁকতোড়িয়া, ৮ সেপ্টেম্বর -: কয়লা শিল্পের বেসরকারিকরণ বন্ধ, পুনর্বাসন ছাড়া ইসিএলের কোয়ার্টার থেকে উচ্ছেদ এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে সাঁকতোড়িয়ায় ইসিএল সদর দফতরের সামনে প্রতিবাদ সভার আয়োজন করল সিটু। ইসিএলের বিভিন্ন এলাকা থেকে আসা শ্রমিক এবং কোয়ার্টারে বসবাসকারী বহু মানুষের উপস্থিতিতে সভাটি বড় আকার ধারণ করে। সভায় সভাপতিত্ব করেন সিটুর কেন্দ্রীয় কমিটির সভাপতি জি. কে. শ্রীবাস্তব।
সভা থেকে কয়লা শিল্পের বেসরকারিকরণ বন্ধ, দ্বাদশ বেতন চুক্তি অবিলম্বে কার্যকর করা এবং পুনর্বাসনের ব্যবস্থা না করে ইসিএলের কোয়ার্টার থেকে উচ্ছেদ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করার দাবি জানানো হয়।
সভায় প্রধান বক্তা ভারতের কোলিয়ারি মজদুর সভার সহ-সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন। তাঁর বক্তব্য, ইসিএল সরকারি সম্পত্তি এবং তা বেসরকারি হাতে তুলে দেওয়ার যে কোনও উদ্যোগের বিরোধিতা করা হবে। সিটুর সাধারণ সম্পাদক মনোজ দত্ত বলেন, পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া কোনও গরিব মানুষকে কোয়ার্টার থেকে উচ্ছেদ করা হলে তার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। পাশাপাশি নভেম্বর মাসে রানীগঞ্জ থেকে কলকাতা পর্যন্ত পদযাত্রার কর্মসূচির কথাও ঘোষণা করেন তিনি।
এদিনের সভায় আভাষ রায় চৌধুরী, সুজিত ভট্টাচার্য, গৌরাঙ্গ চট্টোপাধ্যায়, গণেশ ধর এবং ঝাড়খণ্ডের যোগেন্দ্র মাহাতো বক্তব্য রাখেন। সভা শেষে সিটুর পক্ষ থেকে ইসিএল কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি জমা দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবিগুলির সমাধান না হলে আগামী দিনে আন্দোলন আরও জোরদার করা হবে।
Reviewed by Social Tribal News Journalist
on
September 08, 2026
Rating:

No comments: