Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

আবর্জনা ফেললেই জরিমানা, উষাগ্রাম-কালিপাহাড়িতে আচমকা পরিদর্শনে পুরনিগম



 আসানসোল -: শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবার আরও কড়া পদক্ষেপের পথে আসানসোল পুরনিগম। প্রকাশ্য স্থানে যত্রতত্র আবর্জনা ফেলার প্রবণতা রুখতে শুরু হয়েছে আচমকা পরিদর্শন অভিযান। বুধবার পুরনিগম কমিশনারের নেতৃত্বে আধিকারিকদের একটি দল ৬ নম্বর বোরোর উষাগ্রাম ও কালিপাহাড়ি এলাকায় আচমকা পরিদর্শনে নামে। পুরনিগমের আধিকারিকদের হঠাৎ এলাকায় দেখে চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের মধ্যে।

এদিন গলি থেকে রাস্তার বিভিন্ন অংশ ঘুরে পরিষ্কার-পরিচ্ছন্নতার পরিস্থিতি খতিয়ে দেখেন আধিকারিকরা। পরিদর্শনে একাধিক জায়গায় রাস্তার ধারে ও খোলা জায়গায় আবর্জনা জমে থাকতে দেখা যায়। বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তাঁরা।

পুরনিগমের পক্ষ থেকে বারবার সাধারণ মানুষকে রাস্তার ধারে, নর্দমায় কিংবা অন্য কোনও প্রকাশ্য স্থানে বাড়ির আবর্জনা না ফেলার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি নিয়মিত বাড়ি-বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহের ব্যবস্থাও চালু রয়েছে। তারপরও একাংশের মধ্যে সচেতনতার অভাব নিয়ে প্রশ্ন উঠছে।

পুরনিগমের আধিকারিকদের দাবি, এই আচমকা পরিদর্শনের উদ্দেশ্য শুধু সাফাইকর্মীদের কাজ বা উপস্থিতি খতিয়ে দেখা নয়। সাধারণ মানুষ পুরনিগমের নির্দেশিকা কতটা মেনে চলছেন, সেটিও সরেজমিনে যাচাই করা হচ্ছে।

পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দা ও দোকানদারদের সঙ্গে কথা বলেন আধিকারিকরা। প্রকাশ্য স্থানে আবর্জনা ফেললে শহরের পরিবেশ ও সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি রোগ সংক্রমণের আশঙ্কাও বাড়ে বলে তাঁদের সচেতন করা হয়।

পুরনিগমের তরফে স্পষ্ট বার্তা, সচেতনতার আবেদন সত্ত্বেও যদি কেউ প্রকাশ্য স্থানে আবর্জনা ফেলার অভ্যাস না বদলান, তাহলে আগামী দিনে জরিমানা-সহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।

আবর্জনা ফেললেই জরিমানা, উষাগ্রাম-কালিপাহাড়িতে আচমকা পরিদর্শনে পুরনিগম আবর্জনা ফেললেই জরিমানা, উষাগ্রাম-কালিপাহাড়িতে আচমকা পরিদর্শনে পুরনিগম Reviewed by Social Tribal News Journalist on September 16, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.