রানীগঞ্জ -: এমডিও পদ্ধতিতে কয়লা উৎপাদনের জন্য আসা বেসরকারি সংস্থার কাজকে কেন্দ্র করে কুয়ারডি কোলিয়ারি এলাকায় বাড়ি খালি করার নোটিস ঘিরে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে কোলিয়ারি এলাকার আবাসনে বসবাসকারী গ্রামবাসীদের একাংশকে বাড়ি খালি করার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এরই প্রতিবাদে কুয়ারডি গ্রাম রক্ষা কমিটির উদ্যোগে পুনর্বাসন ও ক্ষতিপূরণ-সহ আট দফা দাবি নিয়ে বৈঠক ও আলোচনা সভার আয়োজন করা হয়।
কুয়ারডি রুটি-বাটির এজেন্ট রাধা গোবিন্দ করের সঙ্গে হওয়া ওই বৈঠকে কুয়ারডি কোলিয়ারির ১২ নম্বর, ১১ নম্বর, ৩ নম্বর, ২ নম্বর এবং কুয়ারডি বাউরীপাড়ার বহু মানুষ উপস্থিত ছিলেন। বৈঠকে দীর্ঘদিন ধরে এলাকায় বসবাসকারী পরিবারগুলির পুনর্বাসন, ক্ষতিপূরণ এবং বাড়ি খালি করার বিষয় নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন সমাজসেবী তথা বাউরী সমাজ শিক্ষা কমিটির রাজ্য সভাপতি সুমন্ত বাউরী।
গ্রামবাসীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে সুমন্ত বাউরী অভিযোগ করেন, বহু পরিবার দীর্ঘদিন ধরে এলাকায় বসবাস করলেও তাঁদের বাড়ি ছাড়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। বাড়ির বাইরে বাড়ি খালি করার নোটিস সাঁটানোর পাশাপাশি হাইকোর্টের নোটিস পাঠানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, খনি-সংক্রান্ত নিয়ম মেনে গ্রামবাসীদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। অন্যথায় আন্দোলন আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি।
এদিন গ্রামবাসীদের পক্ষ থেকে সুমন্ত বাউরী, লক্ষ্মীকান্ত বাউরী, নিতাই বাউরী, রাজেশ বাউরী, সীতারাম রায়, দুর্গা বাউরী, সুশান্ত স্বাঁই এবং সানি পাসওয়ান এজেন্ট রাধা গোবিন্দ করের হাতে স্মারকলিপি তুলে দেন। কর্মসূচিকে ঘিরে শ্রীপুর থানার পুলিশের উপস্থিতি ছিল। তবে কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়।
পরবর্তীতে বিষয়টি নিয়ে সাতগ্রাম-শ্রীপুর এরিয়ার জেনারেল ম্যানেজারের সঙ্গেও আলোচনা হয়। সিদ্ধান্ত হয়েছে, সাতগ্রাম-শ্রীপুর এরিয়ার জিএম রবিন থানৌজা, এজেন্ট রাধা গোবিন্দ কর, কুয়ারডি গ্রাম রক্ষা কমিটির প্রতিনিধি এবং এমডিও পদ্ধতিতে কাজ করতে আসা বেসরকারি সংস্থার আধিকারিকরা বৈঠকে বসবেন। পুনর্বাসন, ক্ষতিপূরণ এবং কোলিয়ারির কাজ সংক্রান্ত বিষয়গুলি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে বলে জানা গিয়েছে।
Reviewed by Social Tribal News Journalist
on
September 12, 2026
Rating:

No comments: