বীজপুরে ‘দানব’ ট্রাকের দাপট, ধুলোয় দমবন্ধ জনজীবন—প্রশাসনের দ্বারে ক্ষুব্ধ বাসিন্দারা, দ্রুত ব্যবস্থা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি
জামুড়িয়া -: বীজপুর বাজারের ভিতর দিয়ে দিনরাত ভারী ডাম্পার ও ট্রাক চলাচলের অভিযোগে ক্ষোভ বাড়ছে এলাকায়। স্থানীয়দের অভিযোগ, ভারী যানবাহনের চাপে রাস্তা ক্রমশ বেহাল হয়ে পড়ছে। আর গাড়ি চলাচলের সঙ্গে সঙ্গে উড়ছে ধুলো, যার জেরে বাজার, দোকানপাট ও বাড়িঘরে ধুলোর আস্তরণ জমছে। শিশু, বয়স্ক থেকে সাধারণ পথচারী—সমস্যায় পড়ছেন সকলেই।
দীর্ঘদিন ধরে সমস্যার কথা জানানো হলেও স্থায়ী সমাধান হয়নি বলে দাবি বাসিন্দাদের। ইতিমধ্যেই জামুড়িয়ার বিধায়ক ও জামুড়িয়া থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন তাঁরা। তাঁদের দাবি, জনবসতিপূর্ণ বাজারের ভিতর দিয়ে ভারী শিল্পগাড়ির চলাচল নিয়ন্ত্রণ করে বিকল্প রুটের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ধুলো নিয়ন্ত্রণে নিয়মিত জল ছিটানোরও দাবি উঠেছে।
এলাকাবাসীর বক্তব্য, শিল্পের উন্নয়ন প্রয়োজন, কিন্তু তার খেসারত দিয়ে সাধারণ মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তা বিপন্ন হতে পারে না। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে বাজার বন্ধ করে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। এখন অভিযোগের ভিত্তিতে প্রশাসন কী পদক্ষেপ করে, সেদিকেই তাকিয়ে বীজপুরবাসী।
Reviewed by Social Tribal News Journalist
on
September 06, 2026
Rating:

No comments: