নিম্নচাপের বৃষ্টিতে ধসে পড়ল মাটির বাড়ি, ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও বৃদ্ধ মা-বাবাকে নিয়ে ক্লাবঘরে আশ্রয় পরিবারের
জামুড়িয়া -: নিম্নচাপের টানা বৃষ্টিতে আচমকাই ভেঙে পড়ল টালির ছাউনি দেওয়া মাটির বাড়ি। মুহূর্তের মধ্যে মাথার ছাদ হারিয়ে গৃহহীন হয়ে পড়ল একটি পরিবার। ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী, বৃদ্ধ মা-বাবা ও ছোট সন্তানকে নিয়ে এখন পাড়ার ক্লাবঘরেই আশ্রয় নিয়েছেন জামুড়িয়ার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের বাউরিপাড়ার বাসিন্দা অভয় বাউরী।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই মাটির বাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করতেন অভয় বাউরী। নিম্নচাপের জেরে রাতভর প্রবল বৃষ্টিতে বাড়ির মাটির দেওয়াল ক্রমশ দুর্বল হয়ে পড়ে। শেষ পর্যন্ত বাড়িটির একাংশ ধসে পড়ে। অল্পের জন্য বড়সড় বিপদ এড়ানো গেলেও মুহূর্তের মধ্যে মাথা গোঁজার ঠাঁই হারান তাঁরা।
বর্তমানে পাড়ার ক্লাবঘরই ওই পরিবারের একমাত্র অস্থায়ী আশ্রয়। বিশেষ করে ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী এবং বৃদ্ধ মা-বাবাকে নিয়ে সেখানে দিন কাটানোয় উদ্বেগ আরও বেড়েছে।
বাড়ি হারানোর পর সরকারি আবাসন প্রকল্প নিয়ে বঞ্চনার অভিযোগ তুলেছেন অভয় বাউরী। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে সরকারি বাড়ির জন্য বিভিন্ন মহলে আবেদন জানিয়েও কোনও সুরাহা হয়নি। এমনকি একসময় তাঁর স্ত্রীর নামে বাড়ি বরাদ্দ হলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তালিকা থেকে সেই নাম বাদ দেওয়া হয় বলে অভিযোগ তাঁর। বিজেপি করেন বলেই তাঁকে সরকারি আবাসন থেকে বঞ্চিত করা হয়েছে বলেও অভিযোগ করেন অভয়। যদিও তাঁর এই অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
অসহায় অভয় বাউরীর কথায়, স্ত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা, পাশাপাশি বৃদ্ধ মা-বাবা ও ছোট সন্তান। এই পরিস্থিতিতে বাড়ি হারিয়ে তাঁরা কোথায় যাবেন, সেটাই এখন বড় প্রশ্ন। আপাতত ক্লাবঘরেই কোনওরকমে দিন কাটছে তাঁদের।
ঘটনার খবর পেয়ে পরিবারের পাশে দাঁড়াতে এলাকায় যান স্থানীয় বিজেপি নেতৃত্ব। বাহাদুরপুরের শক্তিকেন্দ্র প্রমুখ রাহুল ধীবর পরিবারের সঙ্গে দেখা করে সাহায্যের আশ্বাস দেন। তাঁর অভিযোগ, দীর্ঘদিনের শাসন সত্ত্বেও এলাকার বহু দরিদ্র পরিবার এখনও মাটির বাড়িতে বসবাস করতে বাধ্য হচ্ছে। ভবিষ্যতে তাঁদের সরকার ক্ষমতায় এলে এই পরিবার-সহ এলাকার অসহায় মানুষদের পাকা বাড়ির ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
প্রবল বর্ষণের মধ্যে বর্তমানে ক্লাবঘরেই আশ্রয় নিয়ে দিন কাটাচ্ছে পরিবারটি। প্রশাসনের পক্ষ থেকে তাঁদের জন্য কী ধরনের সহায়তা করা হয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন অভয় বাউরী ও তাঁর পরিবার।
Reviewed by Social Tribal News Journalist
on
September 02, 2026
Rating:


No comments: