জামুড়িয়া -: বৃষ্টি থামতেই ফের মাটি ফুঁড়ে উঠল ধোঁয়া। আর তাতেই নতুন করে আতঙ্ক ছড়াল জামুড়িয়ার নিউ কেন্দা ওসিপি সংলগ্ন এলাকায়। সালডাঙা ও বাউরি পাড়ার ১৪৪টি পরিবারকে ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ। ভূগর্ভস্থ আগুনের পাশাপাশি গ্যাস নির্গমন এবং ভবিষ্যতে মাটি ধসের আশঙ্কাতেও আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিনের টানা বৃষ্টির পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার মুখেই খনি এলাকার মাটি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। বিষয়টি নজরে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। যদিও স্থানীয়দের দাবি, এই প্রথম নয়। এর আগেও ওই এলাকায় একাধিকবার মাটি থেকে ধোঁয়া এবং গ্যাস বের হওয়ার ঘটনা ঘটেছে।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ভূগর্ভে থাকা আগুনের সংস্পর্শে বৃষ্টির জল পৌঁছলে সেখান থেকে বাষ্প ও ধোঁয়া বেরিয়ে আসতে পারে। সেই ধোঁয়ার কারণে আশপাশের এলাকায় বসবাসকারী মানুষের শ্বাসকষ্টও হতে পারে বলে আশঙ্কা তাঁদের।
ঘটনা নিয়ে ইসিএল কর্তৃপক্ষের বক্তব্য, ভূগর্ভস্থ আগুনের কারণেই এই ধোঁয়া বের হচ্ছে। বৃষ্টির পরে কয়েকটি খোলা মুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ওই মুখগুলি ডোজিং করে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়েছে।
তবে কর্তৃপক্ষের এই আশ্বাসে পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছেন না গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, এর আগেও একাধিকবার মাটি দিয়ে বা ডোজিং করে ধোঁয়া বেরোনোর মুখ বন্ধ করা হয়েছে। কিন্তু কয়েকদিন পর ফের একই জায়গা থেকে ধোঁয়া বের হতে শুরু করেছে। ফলে স্থায়ী সমাধান না হলে বিপদ থেকেই যাবে বলে আশঙ্কা তাঁদের।
গ্রামবাসীদের দাবি, শুধু ধোঁয়া বেরোনোর মুখ বন্ধ করলেই সমস্যার সমাধান হবে না। এলাকায় ভূগর্ভস্থ আগুন, গ্যাস নির্গমন এবং মাটি ধসের সম্ভাবনা নিয়ে নিয়মিত বৈজ্ঞানিক সমীক্ষা ও নজরদারি চালাতে হবে। বড় কোনও দুর্ঘটনা ঘটার আগেই ঝুঁকিপূর্ণ এলাকাগুলি চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিও উঠেছে।
ফের মাটি থেকে ধোঁয়া ওঠার ঘটনায় তাই প্রশ্নের মুখে পড়েছে খনি এলাকার নিরাপত্তা ব্যবস্থা। আতঙ্কে থাকা ১৪৪টি পরিবারের দাবি, সাময়িক ব্যবস্থা নয়—বিপদ থেকে স্থায়ী সুরক্ষাই এখন তাঁদের প্রধান দাবি।
Reviewed by Social Tribal News Journalist
on
September 26, 2026
Rating:

No comments: