আসানসোল -: শনিবারের অর্ধদিবসের ডিউটি তুলে দিয়ে পূর্ণদিবসের ডিউটি চালুর সিদ্ধান্ত আপাতত স্থগিত করল বার্নপুরের ইস্কো স্টিল প্ল্যান্ট (আইএসপি) কর্তৃপক্ষ। অ-কর্মকর্তা কর্মীদের ডিউটির সময়সূচিতে পরিবর্তন নিয়ে বিএমএসের আপত্তি এবং বিষয়টি ডেপুটি চিফ লেবার কমিশনারের দফতরে ওঠার পর সোমবার নতুন সার্কুলার জারি করে পূর্বের নির্দেশ ‘ইন অ্যাবেয়ান্স’ রাখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
গত ২১ আগস্ট আইএসপি কর্তৃপক্ষ নন-ওয়ার্কস বিভাগে কর্মরত অ-কর্মকর্তা কর্মীদের শনিবারের অর্ধদিবসের ব্যবস্থা তুলে দিয়ে পূর্ণদিবসের ডিউটি চালুর নির্দেশ জারি করেছিল। সেই নির্দেশ সামনে আসতেই কর্মী ও ট্রেড ইউনিয়ন মহলে আপত্তি দেখা দেয়। বিএমএসের দাবি, পরিষেবার শর্তে এ ধরনের পরিবর্তন কর্মীদের স্বার্থকে প্রভাবিত করবে। পাশাপাশি প্রস্তাবিত ট্রেড ইউনিয়নের গোপন ব্যালটের ভোটগ্রহণ প্রক্রিয়ার মধ্যেই এই পরিবর্তন করা নিয়েও প্রশ্ন তোলে সংগঠনটি।
এরপর বিএমএসের পক্ষ থেকে আসানসোলের ডেপুটি চিফ লেবার কমিশনারের কাছে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়। ডিএলসি দফতরে কর্তৃপক্ষ ও ট্রেড ইউনিয়নগুলির মধ্যে ত্রিপাক্ষিক বৈঠকও হয়। সেখানে কর্মীদের হয়ে নিজেদের বক্তব্য তুলে ধরে শনিবারের পূর্ণদিবসের ডিউটির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানায় বিএমএস। সংগঠনের দাবি, লাগাতার প্রতিবাদ ও আলোচনার পরেই কর্তৃপক্ষ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে।
সোমবার জারি করা সার্কুলার নম্বর এইচআর/সিএফ/রুলস/২০২৬/৩৬-এ শনিবারের পূর্ণদিবসের ডিউটি সংক্রান্ত পূর্বের নির্দেশ আপাতত স্থগিত রাখার কথা জানানো হয়েছে। এই সিদ্ধান্তকে কর্মীদের স্বার্থে বড় সাফল্য বলে দাবি করেছে বিএমএস। সংগঠনের নেতৃত্বের বক্তব্য, কর্মীদের অধিকার, পরিষেবার শর্ত বা স্বার্থের সঙ্গে যুক্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হলে ভবিষ্যতেও গণতান্ত্রিক ও সাংবিধানিক পথে তার প্রতিবাদ করা হবে। কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএমএসের দাবি, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে শ্রমিক স্বার্থকে অগ্রাধিকার দেওয়া উচিত।
Reviewed by Social Tribal News Journalist
on
September 14, 2026
Rating:

No comments: