নিজস্ব সংবাদদাতা, জামুড়িয়া -: বারাবনি থেকে বীরভূমে যাওয়ার পথেই পুলিশের জালে ধরা পড়ল বিপুল পরিমাণ ঝাড়খণ্ডের লটারি। গোপন সূত্রে খবর পেয়ে জামুড়িয়ার বড়কোলা ঘাটে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল চুরুলিয়া ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া লটারির আনুমানিক মূল্য প্রায় ২০ লক্ষ টাকা।
ধৃতের নাম শেখ সমীর। তাঁর বাড়ি বীরভূম জেলার বড়রা গ্রামে। বাবার নাম শেখ ওসমান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পশ্চিম বর্ধমানের বারাবনি এলাকা থেকে ঝাড়খণ্ডের লটারি নিয়ে নিজের গ্রামের দিকে যাচ্ছিলেন তিনি। সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে বড়কোলা ঘাট এলাকায় নজরদারি শুরু করে চুরুলিয়া ফাঁড়ির পুলিশ।
অভিযানের সময় শেখ সমীরকে আটক করে তল্লাশি চালানো হয়। তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ ঝাড়খণ্ডের লটারি উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। তবে ওই লটারির বৈধ কাগজপত্র তিনি দেখাতে পারেননি বলে জানা গিয়েছে। এরপর তাঁকে চুরুলিয়া ফাঁড়িতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
প্রাথমিকভাবে উদ্ধার হওয়া লটারির বর্তমান মূল্য প্রায় ২০ লক্ষ টাকা বলে জানা গিয়েছে। এত বিপুল পরিমাণ লটারি কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর পিছনে কোনও বড় চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
শুক্রবার ধৃতকে আসানসোল মহকুমা আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে তাঁকে সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। উদ্ধার হওয়া লটারির উৎস এবং এই কারবারের সঙ্গে আরও কারা যুক্ত, এখন সেই দিকেই নজর তদন্তকারীদের।
Reviewed by Social Tribal News Journalist
on
September 25, 2026
Rating:

No comments: