Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

সর্বসাধারণের মঞ্চে কার দখলদারি? বাহাদুরপুরে তালাবন্দি মঞ্চ ঘিরে ক্ষোভ


 জামুড়িয়া -: সাধারণ মানুষের সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক কর্মকাণ্ডের জন্য তৈরি মঞ্চ। অথচ সেই মঞ্চই দীর্ঘদিন ধরে তালাবন্দি—চাবি রয়েছে কয়েকজনের হাতে। এমনই অভিযোগকে কেন্দ্র করে জামুড়িয়ার বাহাদুরপুরে বাড়ছে ক্ষোভ। গ্রামবাসীদের অভিযোগ, সরকারি উদ্যোগে তৈরি এই সাংস্কৃতিক মঞ্চটি বর্তমানে কার্যত কয়েকজনের নিয়ন্ত্রণে থাকায় সাধারণ মানুষ তার ব্যবহার থেকে বঞ্চিত হচ্ছেন। এমনকি রাতের অন্ধকারে মঞ্চের ভিতরে অনৈতিক কার্যকলাপের অভিযোগও উঠেছে। যদিও সেই অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ঘটনাস্থল বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের বাহাদুরপুর গ্রামের হাটতলা ময়দান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৎকালীন তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের আমলে গ্রাম পঞ্চায়েতের অধীনে সাধারণ মানুষের সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক কর্মকাণ্ডের উদ্দেশ্যে ওই মঞ্চ তৈরি করা হয়েছিল। কিন্তু বর্তমানে সর্বসাধারণের ব্যবহারের জন্য তৈরি সেই মঞ্চের চাবি কেন কয়েকজন ব্যক্তির হাতে থাকবে, তা নিয়েই প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা।

তাঁদের অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের কাছে জানানো হলেও সমস্যার সমাধান হয়নি। স্থানীয় বিজেপি কর্মী ও গ্রামবাসীরা পঞ্চায়েত প্রধানের সঙ্গে যোগাযোগ করলে সাত দিনের মধ্যে মঞ্চের চাবি ফেরানোর ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল বলে দাবি তাঁদের। কিন্তু অভিযোগ, সেই সময়সীমা পেরিয়ে গেলেও চাবি ফেরানোর কোনও ব্যবস্থা হয়নি।

বিষয়টি নিয়ে বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মঞ্জু বাগদীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মঞ্চ সংক্রান্ত বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি বলে জানা গিয়েছে। তাঁর নীরবতায়ও নতুন করে প্রশ্ন উঠেছে বলে দাবি গ্রামবাসীদের।

গ্রামবাসীদের দাবি, সরকারি উদ্যোগে তৈরি সম্পত্তি কোনও ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে থাকতে পারে না। তাই অবিলম্বে মঞ্চের চাবি পঞ্চায়েতের হেফাজতে নিয়ে সেটিকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হোক। পাশাপাশি মঞ্চের ভিতরে অনৈতিক কার্যকলাপের যে অভিযোগ উঠেছে, তারও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।

বাহাদুরপুরের বাসিন্দাদের প্রশ্ন, সাধারণ মানুষের জন্য তৈরি মঞ্চ যদি সাধারণ মানুষই ব্যবহার করতে না পারেন, তাহলে সেই মঞ্চের নিয়ন্ত্রণ কার হাতে?

সর্বসাধারণের মঞ্চে কার দখলদারি? বাহাদুরপুরে তালাবন্দি মঞ্চ ঘিরে ক্ষোভ সর্বসাধারণের মঞ্চে কার দখলদারি? বাহাদুরপুরে তালাবন্দি মঞ্চ ঘিরে ক্ষোভ Reviewed by Social Tribal News Journalist on September 12, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.