Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

রানীগঞ্জে বাড়ির আলমারিতেই নকল তেলের সাম্রাজ্য! নামী ব্র্যান্ডের লেবেল, ছিপি ও টিন উদ্ধার, খাদ্য দপ্তরের অভিযানে চাঞ্চল্য


রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান -: সকাল থেকে একের পর এক দোকান ও কারখানায় ভেজালবিরোধী অভিযান। মিষ্টির দোকান থেকে মশলার দোকান, চানাচুর কারখানা—শহরের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালানোর পর অভিযানের শেষপর্বে সারদা পল্লীতে উঠে এল চাঞ্চল্যকর ছবি। রাজ্য খাদ্য দপ্তর, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও মেট্রোলজি বিভাগের যৌথ অভিযানে একটি বাড়ির গোদামঘরের আলমারি থেকে উদ্ধার হল নামী সংস্থার নকল লেবেল, ছিপি, স্টিকার ও তেলের টিন। অভিযোগ, বাড়িতে বসেই চলছিল নকল ভোজ্য তেল তৈরির কারবার।

শুক্রবার সকাল থেকেই রানীগঞ্জ শহরে শুরু হয় ভেজালবিরোধী অভিযান। থানার সামনে পেড়া-বাতাসার দোকানগুলিতে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করা হচ্ছে কি না, দোকানের পরিচ্ছন্নতা এবং খাদ্য নিরাপত্তার বিভিন্ন দিক খতিয়ে দেখেন আধিকারিকরা। এরপর একটি মশলার দোকানে গোটা হলুদ পরীক্ষা করে সন্দেহ তৈরি হওয়ায় তার উৎস ও মান সম্পর্কে তথ্য চাওয়া হয়। শিশুবাগান কালালীগলির একটি চানাচুর কারখানাতেও অভিযান চালানো হয়। বড় ধরনের ভেজালের সন্ধান না মিললেও স্বাস্থ্যবিধি ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কর্তৃপক্ষকে কড়া নির্দেশ দেওয়া হয়।

অভিযানের সবচেয়ে বড় চমক সামনে আসে সারদা পল্লীতে। গোপন সূত্রে খবর পেয়ে ভোজ্য তেল সরবরাহকারী বলে পরিচিত উৎপল গড়াইয়ের বাড়িতে হানা দেয় অভিযানের দল। বাড়ির একটি গোদামঘরের আলমারি খুলতেই আধিকারিকদের নজরে আসে বস্তায় রাখা বিভিন্ন নামী সংস্থার নকল লেবেল, ছিপি, স্টিকার এবং তেলের টিন। অভিযোগ, সস্তার তেলের সঙ্গে রাসায়নিক মিশিয়ে তা টিনে ভরে নামী সংস্থার লেবেল লাগিয়ে বিভিন্ন দোকানে সরবরাহ করা হতো। যদিও এই অভিযোগের সম্পূর্ণ সত্যতা এখনও তদন্তসাপেক্ষ। অভিযানে সংগৃহীত নমুনা পরীক্ষা এবং পরবর্তী তদন্তের পরই বিষয়টি স্পষ্ট হবে।

উদ্ধার হওয়া লেবেলগুলির বিষয়ে সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁদের দাবি, ওই লেবেল ব্যবহারের জন্য কাউকে কোনও অনুমতি দেওয়া হয়নি। ঘটনাটিকে তাঁরা জালিয়াতি বলে দাবি করেন এবং পৃথকভাবে অভিযোগ জানানোর কথাও জানান। ফুড সেফটি অফিসার অজয় ভান্ডারী জানান, অভিযানে বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে এবং একাধিক সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভেজালের বিরুদ্ধে এই ধরনের অভিযান আগামী দিনেও চলবে।

ভোজ্য তেলে ভেজালের অভিযোগ সামনে আসায় সাধারণ মানুষের স্বাস্থ্য নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। অননুমোদিত রাসায়নিক, কৃত্রিম রং বা ক্ষতিকর উপাদান মেশানো তেল দীর্ঘদিন ব্যবহার করলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। খাদ্য নিরাপত্তা আইন অনুযায়ী ভেজাল বা অনিরাপদ খাদ্য উৎপাদন ও বিক্রির ক্ষেত্রে কঠোর শাস্তির বিধান রয়েছে। পাশাপাশি নামী সংস্থার লেবেল নকল করে পণ্য বাজারজাত করার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট আইনে পৃথক আইনি পদক্ষেপও হতে পারে।

রানীগঞ্জে খাদ্যে ভেজালের বিরুদ্ধে অভিযান জোরদার হলেও এই ঘটনার পর সাধারণ মানুষের একটাই প্রশ্ন—প্রতিদিনের রান্নার তেলই যদি নকল হওয়ার আশঙ্কা তৈরি করে, তাহলে নিরাপদ খাবারের নিশ্চয়তা মিলবে কোথায়?
 

রানীগঞ্জে বাড়ির আলমারিতেই নকল তেলের সাম্রাজ্য! নামী ব্র্যান্ডের লেবেল, ছিপি ও টিন উদ্ধার, খাদ্য দপ্তরের অভিযানে চাঞ্চল্য রানীগঞ্জে বাড়ির আলমারিতেই নকল তেলের সাম্রাজ্য! নামী ব্র্যান্ডের লেবেল, ছিপি ও টিন উদ্ধার, খাদ্য দপ্তরের অভিযানে চাঞ্চল্য Reviewed by Social Tribal News Journalist on September 04, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.