কাজে যাওয়ার পথেই ঘাতক মিনিবাসের ধাক্কা, জামুড়িয়ায় শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তেজনা—ঘণ্টাখানেক পথ অবরোধ
জামুড়িয়া -: কাজে যোগ দিতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু কর্মস্থলে আর পৌঁছানো হল না। জামুড়িয়ার নিমডাঙা এলাকায় দ্রুতগতির মিনিবাসের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক কারখানা শ্রমিকের। মৃতের নাম যোগেশ মণ্ডল (৩৫)। তাঁর বাড়ি কুমারডুবি এলাকায়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। জামুড়িয়া-চাঁদা প্রধান সড়ক অবরোধ করে শুরু হয় বিক্ষোভ। প্রায় ঘণ্টাখানেক অবরোধের জেরে ব্যাহত হয় যান চলাচল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে মোটরসাইকেলে করে জামুড়িয়ার গিরিধর মেটাল কারখানায় কাজে যাচ্ছিলেন যোগেশ মণ্ডল। নিমডাঙা এলাকায় পৌঁছতেই একটি দ্রুতগতির মিনিবাস তাঁর মোটরসাইকেলে সজোরে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে রাস্তায় ছিটকে পড়েন তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা যায়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে জড়ো হন এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, জামুড়িয়া-চাঁদা রাস্তায় প্রতিদিনই বেপরোয়া গতিতে মিনিবাস ও ডাম্পার চলাচল করে। পর্যাপ্ত ট্রাফিক নজরদারি না থাকায় এই রাস্তায় দুর্ঘটনার ঝুঁকি ক্রমশ বাড়ছে। ক্ষোভে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধ শুরু করেন বিক্ষোভকারীরা। তৈরি হয় দীর্ঘ যানজট।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জামুড়িয়া থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা। দীর্ঘক্ষণ আলোচনার পর অবরোধ ওঠে এবং ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।
স্থানীয় বাসিন্দাদের দাবি, দুর্ঘটনা রুখতে জামুড়িয়া-চাঁদা রোডে অবিলম্বে স্পিড ব্রেকার বসানোর পাশাপাশি নিয়মিত ট্রাফিক নজরদারি চালু করতে হবে। তাঁদের আশঙ্কা, ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। এদিকে যোগেশ মণ্ডলের মৃত্যুর খবর পৌঁছতেই তাঁর পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘাতক মিনিবাসটির সন্ধানে তল্লাশি চলছে।
Reviewed by Social Tribal News Journalist
on
September 03, 2026
Rating:

No comments: