আসানসোল -: শহরের যানজট নিয়ন্ত্রণে এবার ট্রাফিক ব্যবস্থায় বড়সড় পরিবর্তন করল জেলা প্রশাসন ও আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। শহরের ব্যস্ততম এলাকা জুবলি মোড়ে টোটো চলাচল বন্ধ করার পাশাপাশি হাটন রোডকে একমুখী করা হয়েছে। নতুন এই ট্রাফিক ব্যবস্থাকে ঘিরে একদিকে যেমন যানজট কমার আশা করছেন প্রশাসনের কর্তারা, তেমনই আচমকা পরিবর্তনে সমস্যার কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।
প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, জুবলি মোড়ে আপাতত টোটো চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে ওই এলাকায় টোটো চলাচল নিয়ে অভিযোগ এবং যানজটের সমস্যা সামনে আসার পরই এই পদক্ষেপ বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
অন্যদিকে, শহরের যান চলাচল স্বাভাবিক রাখতে হাটন রোডকে একমুখী করা হয়েছে। নতুন রুট পরিকল্পনা অনুযায়ী হাটন রোড থেকে ইসমাইল, হাসপাতাল মোড়, শনি মন্দির, আশ্রম মোড় হয়ে রেলস্টেশন পর্যন্ত যান চলাচলের ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। ট্রাফিক পুলিশকর্মীরা নতুন নিয়ম মেনে চলার জন্য গাড়িচালকদের কাছে আবেদন জানিয়েছেন। পাশাপাশি বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছে।
তবে আচমকা এই পরিবর্তন নিয়ে স্থানীয় বাসিন্দাদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাঁদের বক্তব্য, ওই এলাকায় একাধিক বড় স্কুল রয়েছে। বর্তমানে পরীক্ষা চলায় প্রতিদিন বহু পড়ুয়া ও অভিভাবকের যাতায়াত রয়েছে। এর মধ্যে টোটো বন্ধ এবং রাস্তা একমুখী করে দেওয়ায় তাঁদের অতিরিক্ত সমস্যার মুখে পড়তে হচ্ছে।
স্থানীয়দের একাংশের দাবি, নতুন ট্রাফিক ব্যবস্থা কার্যকর করার আগে মাইক বা লাউডস্পিকারের মাধ্যমে পর্যাপ্ত প্রচার করা হলে সাধারণ মানুষ প্রস্তুতি নেওয়ার সুযোগ পেতেন। তাঁদের আরও মত, দুর্গাপুজোর পর নতুন ব্যবস্থা চালু করা হলে সমস্যাও কিছুটা কম হতে পারত।
প্রশাসনের তরফে অবশ্য নতুন রুট ব্যবস্থার সঙ্গে সাধারণ মানুষকে মানিয়ে নেওয়ার জন্য কয়েক দিন ধৈর্য ধরার আবেদন জানানো হয়েছে। যানজট নিয়ন্ত্রণে প্রশাসনের এই উদ্যোগ কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর শহরবাসীর।
Reviewed by Social Tribal News Journalist
on
September 17, 2026
Rating:

No comments: