আন্ধ্রপ্রদেশের অনন্তপুরের আরডিটি স্টেডিয়ামে গত ১০ থেকে ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ডক্টর তালিমেরেন আও জুনিয়র গার্লস ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপের ২০২৬-২৭ মরশুমের প্রথম স্তরের প্রতিযোগিতা। ২৫ সেপ্টেম্বর ফাইনালে মুখোমুখি হয় পশ্চিমবঙ্গ ও মণিপুর। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দল। ম্যাচের ১৪ মিনিটে দিয়ার গোলের সৌজন্যে এগিয়ে যায় বাংলা। তবে দ্বিতীয়ার্ধে ৫০ মিনিটে মণিপুরের নর্মদা দেবী মায়েংবাম গোল করে ব্যবধান মুছে দেন।
নির্ধারিত সময়ের পর আর কোনও গোল না হওয়ায় ম্যাচের নিষ্পত্তি হয় পেনাল্টি শুটআউটে। সেখানেই চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় বাজিমাত করে পশ্চিমবঙ্গ। ৩-২ গোলে মণিপুরকে হারিয়ে জাতীয় চ্যাম্পিয়নের খেতাব ছিনিয়ে নেয় বাংলা। গোলপোস্টের নিচে পশ্চিমবঙ্গের অধিনায়ক তথা গোলরক্ষক অনন্যাশা নেওগির গুরুত্বপূর্ণ ভূমিকা এই জয়ে বিশেষভাবে উল্লেখযোগ্য।
এই জয় বাংলার কাছে আরও তাৎপর্যপূর্ণ। কারণ, এর আগে ২০১২ সালে শেষবার জাতীয় জুনিয়র মেয়েদের ফুটবল চ্যাম্পিয়নশিপের ট্রফি জিতেছিল পশ্চিমবঙ্গ। অর্থাৎ, দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ফের জাতীয় সেরার মুকুট উঠল বাংলার মাথায়। তার উপর গত বছর একই মাঠে ফাইনালে মণিপুরের কাছে ৯-০ গোলে পরাজিত হয়েছিল পশ্চিমবঙ্গ। সেই লজ্জার হারকে পিছনে ফেলে এক বছরের ব্যবধানে সেই মণিপুরকেই হারিয়ে ট্রফি জয়—বাংলার এই প্রত্যাবর্তন নিঃসন্দেহে আলাদা তাৎপর্য বহন করছে।
এই বিজয়ী দলেরই সদস্য জামুড়িয়ার মেয়ে মৌমিতা মাজি। জাতীয় মঞ্চে বাংলার প্রতিনিধিত্ব করে শুধু নিজের পরিবারের নয়, গোটা পশ্চিম বর্ধমানের মুখ উজ্জ্বল করেছেন তিনি। তাঁর এই সাফল্যে স্বাভাবিকভাবেই গর্বিত পরিবার ও এলাকার মানুষ।
রানীগঞ্জ স্টেশনে মৌমিতা পৌঁছতেই তাঁকে স্বাগত জানাতে ভিড় করেন পরিচিতজন ও শুভাকাঙ্ক্ষীরা। ফুলের তোড়া, উত্তরীয় এবং অভিনন্দনে তাঁকে বরণ করে নেওয়া হয়। জাতীয় স্তরের প্রতিযোগিতায় বাংলার হয়ে প্রতিনিধিত্ব করে ট্রফি জয়ের পর ঘরের মেয়েকে সামনে পেয়ে আনন্দে ভেসে যান উপস্থিত সকলে।
স্থানীয়দের বক্তব্য, প্রতিকূলতা পেরিয়ে প্রত্যন্ত এলাকা থেকে উঠে এসে জাতীয় ফুটবলের মঞ্চে জায়গা করে নিয়েছেন মৌমিতা। তাঁর সাফল্য এলাকার আরও বহু কিশোরীকে ফুটবলের মাঠে নামার অনুপ্রেরণা দেবে। পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা, এই জয়ই হোক মৌমিতার আরও বড় স্বপ্নপূরণের সিঁড়ি। আগামী দিনে বাংলার পাশাপাশি দেশের জার্সিতেও তাঁকে আরও বড় মঞ্চে দেখতে চান তাঁরা।
Reviewed by Social Tribal News Journalist
on
September 28, 2026
Rating:
.jpg)

.jpg)

No comments: