নিজস্ব সংবাদদাতা, রানীগঞ্জ -: স্কুলে যাতায়াতের পথ আরও সহজ করতে রানীগঞ্জে বড় উদ্যোগ। পশ্চিমবঙ্গ সরকারের সারথি প্রকল্পের আওতায় নবম শ্রেণির ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হল সাইকেল। রানীগঞ্জের রবিন সেন স্টেডিয়ামে বিধায়ক পার্থ ঘোষের নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিকে ঘিরে পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে দেখা যায় উৎসাহের আবহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ইনস্পেক্টর দেবাশিস গোস্বামী-সহ প্রশাসনের আধিকারিকরা।
রানীগঞ্জ পুরসভা এলাকার ১১টি স্কুলের মোট ২,০৪১ জন ছাত্রছাত্রীর হাতে ধাপে ধাপে এই সাইকেল তুলে দেওয়া হবে বলে জানান বিধায়ক। তাঁর কথায়, শুধু স্কুলে যাওয়া নয়, টিউশন ও অন্যান্য শিক্ষামূলক কাজে যাতায়াতের ক্ষেত্রেও এই সাইকেল পড়ুয়াদের কাজে আসবে। সামনে মাধ্যমিক পরীক্ষা। তাই পড়ুয়াদের পড়াশোনার পরিবেশ আরও সহজ ও স্বচ্ছন্দ করতেই এই উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।
সাইকেলের গুণমান নিয়েও সন্তোষ প্রকাশ করেন পার্থ ঘোষ। তাঁর দাবি, টায়ার, রিম, মাডগার্ড, চেন, বেল থেকে শুরু করে প্রতিটি অংশই যথেষ্ট উন্নত মানের। এমনকী কয়েকদিন ধরে স্টোরে থাকার পর এবং বৃষ্টির মধ্যেও সাইকেলগুলিতে মরচে পড়েনি বলে জানান তিনি।
প্রতিটি সাইকেলের নম্বর ও রেকর্ড সংরক্ষণ করা হচ্ছে বলেও জানান বিধায়ক। ফলে সাইকেল নিয়ে অনিয়মের অভিযোগ উঠলে তা সহজেই শনাক্ত করা সম্ভব হবে। এদিন সাইকেল পেয়ে পড়ুয়াদের মুখে যেমন হাসি ফুটেছে, তেমনই তাঁদের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকদের মধ্যেও ছিল উৎসাহ।
এদিনের অনুষ্ঠানে কোনও সম্প্রদায়ভিত্তিক বিভাজন নয়, যোগ্য ছাত্রছাত্রীদের জন্যই প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার বার্তা উঠে আসে। ফলে সরকারি প্রকল্পের সুবিধা সরাসরি পড়ুয়াদের হাতে পৌঁছনোর ছবিই এদিন ধরা পড়ে রানীগঞ্জে।
অন্যদিকে, রানীগঞ্জের রাস্তার প্রসঙ্গও উঠে আসে বিধায়কের বক্তব্যে। তিনি জানান, বিভিন্ন এলাকায় রাস্তা মেরামতের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। পুজোর আগে ধাপে ধাপে বাকি কাজও সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর কথায়, “রানীগঞ্জ রানীও হবে, চিন্তার কোনও কারণ নেই।”
সারথি প্রকল্পের সাইকেল বিতরণ ঘিরে এদিনের কর্মসূচি তাই শুধু সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানেই সীমাবদ্ধ থাকল না; পড়ুয়াদের স্কুলমুখী যাত্রাকে আরও সহজ করার বার্তাও স্পষ্ট হয়ে উঠল রানীগঞ্জের মঞ্চ থেকে।
Reviewed by Social Tribal News Journalist
on
September 29, 2026
Rating:

No comments: