পাণ্ডবেশ্বর -: কয়লানির্ভর অর্থনীতির গণ্ডি পেরিয়ে এবার বহুমুখী শিল্পের দিকে পা বাড়াতে চাইছে খনি অঞ্চল। সেই লক্ষ্যেই পাণ্ডবেশ্বরের বাকোলার গুলমোহর ক্লাবে শিল্পপতিদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসল রাজ্য সরকার। শিল্পমন্ত্রী তাপস রায়ের উপস্থিতিতে বৈঠকে পাণ্ডবেশ্বরকে সম্ভাবনাময় শিল্পাঞ্চল হিসেবে তুলে ধরে বিনিয়োগের আহ্বান জানানো হয়।
শিল্পমহলের মতে, শিল্প গড়ে তোলার ক্ষেত্রে পাণ্ডবেশ্বরের রয়েছে একাধিক অনুকূল পরিস্থিতি। দীর্ঘদিনের খনি কার্যক্রমের পর অব্যবহৃত জমিকে কাজে লাগিয়ে নতুন শিল্পাঞ্চল গড়ে তোলার সুযোগ রয়েছে। পাশাপাশি জাতীয় সড়ক ও রেল যোগাযোগের সুবিধা এবং আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলের নিকটবর্তী অবস্থানও বিনিয়োগকারীদের কাছে বাড়তি আকর্ষণ হতে পারে। রয়েছে দক্ষ ও পরিশ্রমী স্থানীয় শ্রমশক্তিও।
বৈঠকে মূলত লজিস্টিক হাব, ইঞ্জিনিয়ারিং, সিমেন্ট, ইস্পাত-নির্ভর পরবর্তী শিল্প এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। খনি-নির্ভর অর্থনীতির পাশাপাশি এই সমস্ত শিল্পের বিকাশ ঘটিয়ে এলাকায় কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করাই সরকারের অন্যতম লক্ষ্য বলে জানা গিয়েছে।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক পন্নাবলম এস-সহ দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, বারাবনি, রানীগঞ্জ ও জামুড়িয়ার বিধায়কেরা। অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি।
দীর্ঘদিন ধরেই পাণ্ডবেশ্বর-সহ খনি এলাকার মানুষের দাবি ছিল, শুধুমাত্র কয়লার উপর নির্ভরশীল না থেকে বিকল্প শিল্পের প্রসার ঘটানো হোক। সেই দাবির পরিপ্রেক্ষিতে এই উদ্যোগকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে শিল্পমহল। পরিকল্পনা বাস্তবায়িত হলে শিল্প বিনিয়োগের পাশাপাশি স্থানীয় যুবকদের জন্য কর্মসংস্থানের নতুন দরজাও খুলতে পারে বলে আশা।
Reviewed by Social Tribal News Journalist
on
September 29, 2026
Rating:


No comments: