দুর্গাপুর -: বিধায়ক হুমায়ুন কবীরের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে অভিনব কর্মসূচি বিজেপির। মঙ্গলবার কুশপুতুলে জুতোর মালা পরিয়ে শহর ঘোরানো ও প্রতীকী কবর দেওয়ার পর বুধবার মন্ত্রোচ্চারণ করে হুমায়ুন কবীরের প্রতীকী শ্রাদ্ধ করল বিজেপি।
এদিন দুর্গাপুরের এমএএমসি টাউনশিপের উত্তরপল্লি এলাকায় বিজেপির ওবিসি মোর্চার উদ্যোগে এই কর্মসূচি হয়। পুরোহিতের ভূমিকায় ছিলেন পশ্চিম বর্ধমান জেলা বিজেপির ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক স্বাধীন ঘোষ। মন্ত্রোচ্চারণের মাধ্যমে প্রতীকীভাবে পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করা হয়।
বিজেপির অভিযোগ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে হুমায়ুন কবীর অশালীন মন্তব্য করেছেন এবং তাঁর মৃত্যু কামনা করেছেন। তারই প্রতিবাদে এই কর্মসূচি বলে দাবি বিজেপির। দলের নেতাদের বক্তব্য, ওই মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা প্রয়োজন।
এর আগে মঙ্গলবার সিটি সেন্টারে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে হুমায়ুন কবীরের কুশপুতুল খাটে চাপিয়ে ঘোরানো হয়। কুশপুতুলে পরানো হয়েছিল জুতোর মালা এবং হাতে ছিল কালো পতাকা। পরে সেটিকে প্রতীকীভাবে কবর দেওয়া হয়।
বুধবারের কর্মসূচি থেকে হুমায়ুন কবীরের বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবিও তোলা হয়। স্বাধীন ঘোষের দাবি, অবিলম্বে আইনি পদক্ষেপ করে তাঁকে এনআইএ-র হাতে তুলে দেওয়া হোক। একই দাবি জানিয়েছেন বিজেপি মহিলা মোর্চার নেত্রী মিঠু রায়।
হুমায়ুন কবীরের প্রতীকী শ্রাদ্ধ বিজেপির
Reviewed by Social Tribal News Journalist
on
September 30, 2026
Rating:
Reviewed by Social Tribal News Journalist
on
September 30, 2026
Rating:

No comments: